ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি আমলে ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী লীগ।
এ উপলক্ষ্যে দলটি বুধবার বিকাল সাড়ে ৩টায় দলের বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
মঙ্গলবার ক্ষমতাসীন দলটির উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “১৯৯৬ সালের এই দিনে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন দুর্নীতিবাজ বিএনপি সরকার একদলীয় প্রহসনের নির্বাচন করে।”
“কিন্তু বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের প্রবল প্রতিরোধের মুখে বিএনপির এই অসাধু তৎপরতা নস্যাৎ হয়ে যায়।”
১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। এর আগে ১৯৯৪ সালে একটি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সংসদ বয়কট করতে শুরু করে দলটি।
ওই বছরেরই মার্চ মাসে বিরোধী দলগুলোর দাবির মুখে ত্রয়োদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে ফেব্র“য়ারির ‘বিতর্কিত’ নির্বাচনে জয়ী বিএনপি।
১৯৯৬ সালের জুন মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ।
আওয়ামী লীগ আমলে গত বছরের জুন মাসে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয় যা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বর্তমান বিরোধী দল বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরআরডি/পিডি/২৩২০ ঘ.
bdnews24