ইসির সামনে কঠিন সময়: সাখাওয়াত
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘নানা শঙ্কা’ সৃষ্টি হওয়ার কথা মনে করিয়ে দিয়ে নতুন নির্বাচন কমিশনকে সর্তক করেছেন বিদায়ী কমিশনার এম সাখাওয়াত হোসেন।
পাঁচ বছরের মেয়াদ শেষে মঙ্গলবার বিদায়ের প্রাক্কালে শেরে বাংলানগরে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাখাওয়াত হোসেন বলেন, “ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে বেশ জটিল। সব কিছু বুঝে এ নির্বাচনটা করতে হবে।”
কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নতুন ইসির সামনে প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জর হবে উল্লেখ করে সাখাওয়াত বলেন, “বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে পারলেই নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব হবে।”
বিদায় বেলায় তিনি বলেন, নানা শঙ্কায় দুই বার পদত্যাগ করতে চাইলেও শামসুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের দৃঢ়তায় নবম জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল হয়নি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়িত্ব পাওয়ার পর ওই নির্বাচনের আয়োজন করেছিল শামসুল হুদার তিন সদস্যের কমিশন, যাতে বিজয়ী হয়ে আওয়ামী লীগ বর্তমান সরকার গঠন করে।
ওই কমিশনের প্রধান শামসুল হুদা ও মো. ছহুল হোসাইনের মেয়াদ আগেই পূর্ণ হয়ে যাওয়ায় গত ৫ ফেব্র“য়ারি তারা বিদায় নেন। এরপর রাষ্ট্রপতির নিয়োগ পেয়ে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নেন কাজী রকিব নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশনারের চারজন। গত বৃহস্পতিবার তারা ইসিতে যোগ দেন।
অপর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বুধবার সকাল সোয়া ১১টায় শপথ নিয়ে কমিশনে যোগ দেবেন।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে নতুন কমিশনকে কিছু পরামর্শ দিয়েছেন বিদায়ী কমিশনার সাখাওয়াত।
“বাইরের কোনো লোককে নির্বাচনে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না, আইন প্রয়োগে কঠোর হতে হবে এবং ভোটারদের জন্য নির্বিঘœ পরিবেশ তৈরি করতে হবে।”
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রচলন ও আইনি সংস্কার এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত বলেন, “তবে নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন কিছু ‘এক্সপেরিমেন্ট’ করলে জটিলতা বাড়াতে পারে।”
তবে বিদ্যমান ব্যবস্থায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা ‘কঠিন’ হবে বলেও মত প্রকাশ করেন তিনি। বিগত সিইসি শামসুল হুদার মতো তিনিও মনে করেন, শর্তসাপেক্ষে ইসিকে কিছু ক্ষমতা দিলেই দশম সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব।
নির্বাচনের আগে চারটি মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমুতি নেওয়ার বিধান রেখে আইনি সংস্কারের একটি প্রস্তাব মেয়াদের শেষ মুহূর্তে দিয়ে গেছে শামসুল হুদার কমিশন।
সাখাওয়াত স্মরণ করেন, ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নবম সংসদের ভোটের তারিখ নির্ধারণ নিয়ে বেশ চাপের মধ্যে পড়তে হয় ইসিকে।
“আমাদের ওপর ত্রিমুখী চাপ ছিল। আমরা কাজ করেছি চাপের মুখে। সরকারের একাংশ, সরকারের আরেক অংশ ও রাজনৈতিক দলের চাপ। আমি দুইবার ডিসিশন নিয়েছি চলে যাওয়ার জন্যে। ইসি অত্যন্ত দৃঢ় ভূমিকা না নিলে নির্বাচন নাও হতে পারতো”, বলেন তিনি।
তবে ওই সময় নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ হতো বলে মনে করেন এই নির্বাচন কমিশনার।
তিনি জানান, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সেই নির্বাচনের আগে প্রধান দুই দলের দুই নেত্রীর সঙ্গেও কমিশনের কথা হয়েছিল।
“এক নেত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও অন্যজনের সঙ্গে অন্যভাবে কথোপকথনের মাধ্যমে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দুই জনই নির্বাচন চেয়েছেন।”
কোথায় ও কখন আলোচনা হয়েছে তা উল্লেখ না করলেও দুই নেত্রী কারামুক্ত হওয়ার পর তাদের সঙ্গে কথা হয় বলে জানান সাখাওয়াত।
রাজনৈতিক দলগুলো সে সময় পূর্ণ সহযোগিতা দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞাও প্রকাশ করেন তিনি।
“শিখেছি অনেক, অতৃপ্তিও খানিকটা’
স্মৃতিচারণের এক পর্যায়ে কিছুটা আবেগআক্রান্ত হয়ে পড়েন এই বিদায়ী নির্বাচন কমিশনার।
সাখাওয়াত জানান, ইসিতে নিয়োগ পেয়ে সব সময় তিনি কাজ শেখার চেষ্টা করেছেন। তারপরও কোনো ধরনের ভুল-ত্র“টি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানান তিনি।
পুরো কর্মজীবনে স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, “আমি যেদিন এসেছিলাম, বলেছি- আমার হাত পরিষ্কার, মাইন্ড ক্লিয়ার। আজও তাই বলবো- আমি ওইভাবে ফিরে যাচ্ছি।”
একমাত্র নির্বাচন কমিশনার হিসেবে সাখাওয়াত হোসেনই ইসিতে যোগদান এবং বিদায়ের সময় সম্পদের হিসাব প্রকাশ করেন।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করে যেতে না পারায় নিজের অতৃপ্তির কথা জানিয়ে সাখাওয়াত বলেন, “ডিসিসি নির্বাচনের চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম। আমি প্রস্তুতও ছিলাম। কিন্তু চ্যালেঞ্জটা নিতে পারলাম না। আর ছয় মাস আগে সরকার ডিসিসি ভাগের সিদ্ধান্ত নিলে হয়তো পারতাম।”
সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের শপথ হওয়ার থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
“শপথ অনুষ্ঠান নিয়ে আমাদের প্রস্তুতিও ছিল। কিন্তু দুপুর ২টার দিকে অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন কমিশন শপথ পেছাতে অনুরোধ করে। পরে আমরা তারিখ পুনর্র্নিধারণ করি।”
বুধবার সকাল সোয়া ১১টায় একই স্থানে এই শপথ অনুষ্ঠান হবে বলে জানান তিনি।
এম সাখাওয়াত হোসেনের মেয়াদ ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত থাকায় আগে নিয়োগ পেলেও সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজের শপথ বিলম্বিত হয়।
