২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশে বাধা দিলেই প্রতিরোধ: ফারুক

রাজধাীনতে ১২ মার্চ বিএনপির কর্মসূচিতে বাধা এলে তা প্রতিরোধ করা হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধাীনতে ১২ মার্চ বিএনপির কর্মসূচিতে বাধা এলে তা প্রতিরোধ করা হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার সকালে, এক মানববন্ধনে তিনি বলেন, “আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। সরকারকে বলব, অযথা অশান্তি সৃষ্টি করবেন না।” ১২ মার্চ ঢাকার মহা সমাবেশে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে ফারুক বলেন, “সরকার পুলিশ দিয়ে বাধা দেওয়ার যতো পরিকল্পনাই করুক না কেনো, মহাসমাবেশে সারা দেশ থেকে মানুষ আসবেই। বাধা দিয়ে লাভ হবে না।” “যেখানেই বাধা আসবে, সেখান থেকে প্রতিরোধ গড়ে উঠবে”, যোগ দেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ওইদিন ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চার দল। ওই মহাসমাবেশ থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সরকার হটানোর নতুন কর্মসূচি দেবেন বলেও জানান ফারুক। বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের হচ্ছে- এমন অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “এভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবে না। তাদের ব্যর্থতার কারণে দেশে খুন, গুপ্ত হত্যা ও গুম বেড়েছে। সাংবাদিক দম্পতি খুন হওয়ার ৪৮ ঘণ্টা পরও হত্যাকারীরা ধরা পড়েনি। এভাবে দেশ চলতে পারে না।” বর্তমান জাতীয় সংসদকে ‘অকার্যকর’ উল্লেখ করে এর জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেন বিরোধী দলীয় প্রধান হুইপ। তিনি বলেন, “এখনো সময় আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুণর্বহালের জন্য সংসদে বিল আনুন। দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচনের দিবাস্বপ্ন কখনো এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।” সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতি এবং সীমান্তে বিএসএফের হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ নামে বিএনপিপন্থী একটি স্বেচ্ছাসেবি সংগঠন। অন্যদের মধ্যে বিএনপির সংসদ সদস্য সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া এ কর্মসূচিতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩০৫ ঘ.