২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনে-বুঝে কথা বলতে চাই: সিইসি

“আগে একটু সেটেলড হয়ে নিই। একটু কাজ বুঝে ও জেনে নিই। তারপর আপনাদের বলবো”- প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চাইলে বলেন কাজী রকিব উদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 07:11 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজের বিষয়ে জেনে ও বুঝে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। রোববার সকালে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করলেও কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক কমিশন সভায় বসবেন বলে জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবস শেষ করে বিকাল পৌনে ৫টায় বাড়ির পথে রওনা হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের মুখোমুখি হন আজী রকিব। “আপনারা এখনো অপেক্ষা করছেন! সবে তো কাজ শুরু করলাম। বলার মতো কিছু নেই। সকালের দিকে সহকর্মী কমিশনারদের সঙ্গে অনানুষ্ঠনিক বৈঠক করলাম। কীভাবে এগোবে তা নিয়ে কথাবার্তা হলো,” বলেন তিনি। প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, “আগে একটু সেটেলড হয়ে নিই। ইনফরমালি আমরা বসেছি। একটু কাজ বুঝে ও জেনে নিই। তারপর আপনাদের বলবো।” প্রথম কর্মদিবসে সকাল ৯টার দিকে কমিশনে ঢোকেন সিইসি কাজী রকিব। ৯টায় অফিসে ঢোকেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী। নির্বাচন কমিশনার আব্দুল মোবারক পৌঁছেন সকাল সোয়া ৯টায়। আর সবশেষে ঢোকেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। নতুন তিন নির্বাচন কমিশনারই নিজ কক্ষে কিছু সময় কাটিয়ে সোয়া ১১টার দিকে দোতলায় সিইসির কক্ষে যান। এর প্রায় দেড় ঘণ্টা পর বিদায়ের অপেক্ষায় (মঙ্গলবার) থাকা নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনকে সিইসি’র একান্ত সচিব প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে নিয়ে যান। নয়া নির্বাচন কমিশনারদের সঙ্গে কি কথা হলো- এমন প্রশ্নে এম সাখাওয়াত হোসেন সাংবাকিদদের জানান, গুরুত্বপূর্ণ কোনো কথা হয়নি। যা হয়েছে তাকে কুশল বিনিময়ই বলা যায়। দেশের ১১তম সিইসি হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন সাবেক সচিব কাজী রকিব। সঙ্গে শপথ নেন তিন কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০১০০ ঘ.