২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পৌঁছেছেন খালেদা জিয়া

গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে চাঁদপুর গিয়েছেন বিরোধী দলীয় নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চাঁদপুর, ফেব্র“য়ারি ১৩ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুর পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানানোর পাশাপাশি জনসভায় ভাষণ দেবেন তিনি। সোমবার দুপুর তিনটার দিকে খালেদা জিয়ার গাড়িবহর জেলা সার্কিট হাউজে পৌঁছলে দলের ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, জেলা সভাপতি মমিনুল হকসহ অন্যান্য নেতারা ফুল দিয়ে বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানান। সকাল পৌনে ১১টায় গুলশানের বাসায় থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন দলের সহসভাপতি সেলিমা রহমান। ঢাকা থেকে চাঁদপুর আসার পথে কুমিল্লার ময়নামতি, পদুয়া বাজার, লালমাই, লাকসামসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়ার গাড়িবহরকে স্বাগত জানায়। পদুয়া বাজার থেকে চাঁদপুর পর্যন্ত সড়কে শতাধিক স্বাগত তোরণ বসানো হয়। ক্ষমতাসীনদের ‘মিথ্যা মামলার’ প্রতিবাদ জানাতে চাঁদপুরের কচুয়ায় এক কিলোমিটার সড়কের দুই পাশে কারাগারের প্রতীকী পোষাক পড়ে সাবেক শিক্ষামন্ত্রী আ ন হ এহছানুল হক মিলনসহ নেতা-কর্মীরা বিরোধী দলীয় নেতার গাড়িবহরকে স্বাগত জানায়। ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চাঁদপুরে লিমন হোসেন ছৈয়াল ও আবুল হোসেন মারা যান। ইতিমধ্যে খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে দিয়ে দুই পরিবারকে দুই লাখ টাকা দিয়েছেন। বিকেলে স্থানীয় বিএনপির উদ্যোগে জেলা স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ওই জনসভার মঞ্চে নিহত দুই কর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। একই কর্মসূচিতে লক্ষ্মীপুরে মারা যান দলের আরো দুজন কর্মী। নিহত পরিবারের সদস্যদের স্বান্তনা জানাতে আগামী ১৮ ফেব্র“য়ারি বিরোধী দলীয় নেতার লক্ষীপুর যাওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক জনসভা থেকে ২৯ জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু আওয়ামী লীগ একই দিনে রাজধানীতে জনসভা করার ঘোষণা দিলে রোববার সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা জারি করা হয় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাতেও। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনাতে জারি করা হয় ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরগুলোর গণমিছিল কর্মসূচি একদিন পিছিয়ে দেয় বিএনপি। তবে জেলায় জেলায় রোববারের কর্মসূচি বহাল থাকে। ঘোষণা অনুযায়ী সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে চাঁদপুর ও লক্ষীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এসইউ/১৬০৯ ঘ.