ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরী আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী আইনি সুবিধা পাচ্ছেন না অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জানিয়েছেন বিএনপির এই নেতার আইনজীবীরা। সেই সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা আট সপ্তাহের জন্য স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
যুদ্ধাপরাধের মামলায় এই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের আগের দিন রোববার আবেদনটি হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম।
আবেদনে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে তদন্ত সংস্থার প্রতিবেদনসহ অন্যান্য তথ্যউপাত্ত ১৪ দিনের মধ্যে সরবরাহে ট্রাইব্যুনালের আদেশ চাওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিকাল রাইট (আইসিসিপিআর), মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন-১৯৭৩ এবং ট্রাইব্যুনালের বিধিমালা পর্যালোচনার আর্জিও করা হয় আবেদনে।
আবেদন জমা দেওয়ার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে ফারহাত কাদের সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার তাদের বিগত আমলে ২০০০ সালের ৬ সেপ্টেম্বর আইসিসিপিআরে সই করেছে। এছাড়া মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতেও বাংলাদেশ স্বাক্ষর করেছে।
এই সব আইনের যথাযথ প্রয়োগ যেন হয়, সেজন্যই এই আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
ফারহাত বলেন. “আপনি তো এই ট্রাইব্যুনালকে খিচুড়ি বানাতে পারবেন না। হয় এটাকে দেশীয় আইনে চালান অথবা প্রয়োগযোগ্য আন্তর্জাতিক আইনগুলো এখানে প্রয়োগ করুন।
“খিচুড়ি বানালে তো আমরা ন্যায়বিচার পাব না। প্রয়োজন মনে করলে আপনারা তাকে হেগ-এ ও নিয়ে যেতে পারেন। কিন্তু এভাবে চলতে পারে না,” বলেন তিনি।
ফারহাত কাদের বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ করা হয়েছিল সামরিক ও তাদের সহযোগী বাহিনীর সদস্যদের বিচারের জন্য।
“তাহলে এই ব্যক্তি ও ব্যক্তিবর্গকে কেন সামরিক বাহিনীর সদস্যদের জন্য করা আইনে বিচার করবেন,” প্রশ্ন রাখেন তিনি।
সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, ১৯৭৩ সালের আইনে যথাযথ সংশোধন এনে তার আওতায় একাত্তরের যুদ্ধাপরাধে বর্তমান ট্রাইব্যুনাল কাজ করছে।
সালাউদ্দিনের কৌঁসুলি ব্যারিস্টার ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটকের পর থেকে গত ১৩-১৪ মাসে ৭-৮ বার তার কারাগার পরিবর্তন করা হয়েছে।
সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করার সুযোগও তারা সব সময় পান না বলে আইনজীবীর অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮১৮ ঘ.
bdnews24