ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদনহীন গাড়ি ধরতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘ঝটিকা অভিযানের’ মধ্যেই কর্তব্যে অবহেলার দায়ে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীতে তিন দিনের সফর শেষে রোববার ঢাকায় ফেরার পথে চলতে থাকে মন্ত্রীর অভিযান। মহাসড়কে ইজি বাইক বা মালামাল বহনকারী গাড়ি দেখলেই নেমে পড়েন তিনি। সন্দেহ হলেই নিজে গিয়ে পরীক্ষা করে দেখেন চালকের লাইসেন্স, গাড়ির কাগজপত্র। কোনো গড়মিল পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ৯ ফেব্র“য়ারি যোগাযোগমন্ত্রী কুমিল্লার পদুয়ার বাজারে যে কন্ট্রোল মেশিনটি উদ্বোধন করেছিলেন ফেরার পথে সেটি আবারো পরিদর্শন করেন ওবায়দুল কাদের।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই মেশিন পরিচালনা এবং সড়ক মেরামতে অবহেলার অভিযোগে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের আদেশ দেন মন্ত্রী।
পরে যোগাযোগমন্ত্রী দাউদকান্দি সেতুর টোল প্লাজা এবং সেতুর বিভিন্ন অংশও ঘুরে দেখেন।
বড় কয়েকটি দুর্ঘটনার পর বেহাল সড়ক নিয়ে প্রবল সমালোচনার মধ্যে গত বছরের শেষ দিকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন সড়কে এভাবে ঝটিকা অভিযান চালিয়ে আসছেন কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১২০০ ঘ.
bdnews24