ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে প্রস্তাব রাখা মালয়েশিয়ার কোম্পানিগুলোর অর্থের উৎস জানতে চেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শনিবার এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের অর্থ কোথা থেকে আসছে তা দেশবাসীকে জানাতে হবে। বাংলাদেশের পুঁজিবাজার থেকে লুণ্ঠিত অর্থ ওই প্রতিষ্ঠানে যুক্ত হয়ে এখানে ঘুরে আসছে কি না তা আমরা জানতে চাই। এটা দেশবাসীকে জানাতে হবে।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। পরে এই সেতু নির্মাণে মালয়শিয়া আগ্রহ দেখালে সরকারও তাতে সাড়া দেয়। আগামী ২১ ফেব্র“য়ারি এ সেতু নির্মাণে মালয়শিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
শেয়ার বাজার ‘বিপর্যয়ের’ প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল প্রশ্ন রাখেন- “সরকারের কাছে জানতে চাই, এই সেতু নির্মাণে কত সুদ দিতে হবে।”
গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে শেয়ারবাজারে ব্যাপক উত্থান-পতনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কিছু প্রণোদনামূলক ব্যবস্থা নেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপরও টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিসেম্বরের ৮ হাজার ৯১৮ পয়েন্ট থেকে কমে ৪ হাজারের ঘরে নেমে আসে।
পূঁজিবাজারের এই অস্থিরতার জন্য সরকারকে অভিযুক্ত করে মির্জা ফখরুল বলেন, “দেশকে চিরদিনের জন্য পরনির্ভরশীল করতেই সরকার পরিকল্পিতভাবে পুঁজিবাজারকে ধ্বংস করেছে। এর উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। অন্য দেশের ওপর নির্ভরশীল রাখা।”
ঢাকা ও চট্টগ্রামে পুঁজিবাজারের দুই বিনিয়োগকারীর আত্মহত্যার জন্যও সরকারকে অভিযুক্ত করেন তিনি।
“এই আত্মহত্যার দায়িত্ব প্রধানমন্ত্রীকেও নিতে হবে। মহাজোট সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।’’
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সরকার ও তার লোকজনের মদদে এই লুটপাট হয়েছে। ৩৩ লাখ বিনিয়োগকারীর মধ্যে ২ জন আত্মহত্যা করেছে, অন্য সবাই জিন্দা লাশ হয়ে বেঁচে আছেন।”
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ‘পুঁজিবাজার-বিপর্যয়ের’ সঙ্গে জড়িতদের বিচার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মহানগর আহবায়ক ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/২০০৫ ঘ.
bdnews24