২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের ঢিলেঢালা হরতাল

সংখ্যায় তুলনামূলকভাবে কম হলেও নগরীর সড়কগুলোতে যানবাহন চলেছে। ভাংচুর হয়েছে ছোটবড় ৩০-৩৫টি গাড়ি। পিকেটিংয়ের সময় পুলিশ আটক করেছে আটজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 03:57 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে দুই কর্মী নিহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের আধাবেলা হরতাল শেষ হয়েছে ঢিলেঢালাভাবে। বৃহস্পতিবার সকালে মহানগরীর বিভিন্ন স্থান ঘুরে হরতালের মধ্যেও যানবাহন চলাচল করতে দেখা যায়। ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটও খুলে যায়। নগরী থেকে দূর পাল্লার বাস স্বাভঅবিকভাবেই ছেড়ে গেছে। পাশাপাশি সিইপিজেডের প্রায় সব কারখানায় স্বাভাবিক কাজকর্ম হয়েছে। তবে অধিকাংশ স্কুল-কলেজ বন্ধ ছিলো। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকেটিংয়ের চেষ্টা করলে পাহাড়তলী গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে চারজন, পাঁচলাইশ থেকে দুজন এবং কতোয়ালি থেকে দুজনসহ মোট আট শিবিরকর্মীকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে ছোটবড় ৩০-৩৫টি বাস ভাংচুর করা হয়েছে। তবে কোথাও বড় কোনো গোলোযোগ ঘটেনি বলে জানান তিনি। এদিকে ইসলামী ছাত্রশিবির দাবি করেছে হরতালের সময় তাদের ১৫ কর্মীকে আটক করা হয়েছে। শিবির কর্মীরা সকালে আন্দরকিল্লা মোড়, বহদ্দারহাট, বকশির বিট এলাকায় গলির ভেতরে খণ্ড খণ্ড মিছিল বের করলেও মূল সড়কগুলোতে কোনো মিছিল হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেওয়ানজী পুকুরপাড় এলাকায় জামায়াতে ইসলামী এবং চন্দনপুরায় ছাত্র শিবিরের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। চট্টগ্রাম বন্দরের কাজকর্ম স্বাভাবিক ছিল উল্লেখ করে সচিব সৈয়দ ফরহাদউদ্দিন জানান, বন্দরে পণ্য ওঠানামা-খালাস ও পরিবহন স্বাভাবিক রয়েছে। ছাত্রশিবিরের মহানগর উত্তর কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই কর্মীকে হত্যার প্রতিবাদে আমরা শন্তিপূর্ণভাবে হরতাল পালন করেছি।” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে ইসলামের ইতিহাস বিভাগের নবীনবরণের দাওয়াপত্র বিলি করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে প্রক্টর ড. নাসিম হাসানসহ উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মো. মুজাহিদ এবং ইংরেজি বিভাগের মাসুদ বিন হাবিব নিহত হন। তাদের দুজনই ইসলামী ছাত্রশিবিরের কর্মী। এ ঘটনায় পুলিশ ক্যাম্পাস থেকে ১০ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া তিন শতাধিক শিবির কর্মীকে আসামি করে একটি মামলা করেছে। ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রভোষ্ট অধ্যাপক ড. কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে তিনটি ছাত্রী হলের সবাইকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হলেও চট্টগ্রাম শহরে হরতাল থাকার কারণে এই সময় দুপুর ২টা পর্যন্ত বাড়ানো হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে দুুপুরে দুটি বিশেষ শাটল ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। তবে সকালেই অনেক ছাত্রী হল ত্যাগ করে বলে কামরুল হুদা জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে বুধবার সন্ধ্যা ৭টার মধ্যেই ছেলেদের সাতটি আবাসিক হল ছেড়ে যায় শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডাকা হলেও পরে তা পিছিয়ে বিকাল ৪টায় করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। দুই কর্মী নিহতের ঘটনায় ছাত্র শিবিরও বিকালে চট্টগ্রাম শহরে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/জেকে/১৫১৫ ঘ.