২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মামলা করতে অনুমতি লাগবে না দুদকের’

সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে বা অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে না দুর্নীতি দমন কমিশনকে (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে বা অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে না দুর্নীতি দমন কমিশনকে (দুদক)। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে দুদক আইন সংশোধন বিষয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন। তিনি সংবাদিকদের বলেন, “দুদককে কীভাবে স্বাধীন ও শক্তিশালী করা যায়- সে বিষয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এসব সিদ্ধান্ত দুদক আইনে অর্ন্তর্ভুক্ত করতে আমারা সংসদীয় কমিটিতে সুপারিশ পাঠাবো। তারপর দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ বিল পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে। মন্ত্রী জানান, বিলটি পাস হলে অন্য আইনে যা-ই থাকুক, দুর্নীতির মামলা পরিচালনায় দুদক আইনই গ্রহণযোগ্য হবে। এছাড়া দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে সম্পত্তি অর্জনের প্রমাণ পেলে অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগেই তা জব্দ করতে পারবে দুদক। বিচার কাজে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব রেখে গত বছরের ২৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। এছাড়াও দুদকে কেউ মিথ্যা অভিযোগ দিলে অভিযোগকারীর পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয় ওই বিলে। এরপর দুদক চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা আইনমন্ত্রীর সঙ্গে দুই দফা দেখা করে অনুরোধ জানান, দুদকের স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, এমন কোনো আইন যাতে সরকার না করে। এই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবারের বিশেষ বৈঠকে অনুমতি নেওয়ার বাধ্যবধকতার বিষয়টি বিল থেকে বাদ দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত হয়। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “আজকের সিদ্ধান্তগুলো দুদক আইনে অন্তর্ভুক্ত হলে দুর্নীতি প্রতিরোধে দুদক আরো জোরারো ভূমিকা রাখতে পারবে। একইসঙ্গে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবেও কাজ করতে পারবে।” অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, দুদক চেয়ারম্যান গোলাম রহমান ও অন্য দুই কমিশনারসহ দুদকের শীর্ষ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। তবে ওই সরকার আমলে প্রতিষ্ঠানটির কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি। সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রীসহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা করে আলোচনায় উঠে আসে দুদক। তবে রাজনীতিকদের হয়রানি করতে তখন দুদককে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন হওয়ার পর এ পর্যন্ত দুই বার তা সংশোধন করা হয়েছে। দুটোই হয়েছিল সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকার আমলে। দুদক আইনের সংশোধনী বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইব) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদককে শক্তিশালী করতে এ সংক্রান্ত আইনটি যুগোপযোগী করা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জেকে/১৩৫০ ঘ.