২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবীনবরণের দাওয়াতপত্র বিলি করা নিয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবীনবরণের দাওয়াতপত্র বিলি করা নিয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, নিহত মো. মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের এবং মাসুদ বিন হাবিব ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বদিউল আলম জানান, হাবিব শিবিরের সোহরাওয়াদী হল শাখার সম্পাদক এবং মুজাহিদ সংগঠনের সাথী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নাসিম হাসানও এ ঘটনায় আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরো সাত শিক্ষার্থী। এরা হলো- ইমাদ আহমদ, ফাহাদ, রায়হান কবির, আনোয়ার হোসেন, নাঈম, সাঈদুল ইসলাম ও আবুল কালাম আজাদ। বুধবার দুপুরে সংঘর্ষের পর ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দল। পুলিশ ক্যাম্পাস থেকে ১০ ছাত্রশিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নবীনবরণের দাওয়াতপত্র বিলি করা নিয়ে ছাত্রশিবির ও ছাত্রলীগের দুই নেতা কথা কাটাকাটিতে জড়ালে ঘটনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, “শিবির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে নবীনবরণের দাওয়াতপত্র বিলি করতে গেলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের দুই নেতার মধ্যে কাটাকাটি হয়। এরপর উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।” ঘটনার পরপরই পুলিশ ক্যাম্পাস থেকে শিবিরের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে প্রক্টর ড. নাসিম হাসান বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে স্মরণ ভাষ্কর্যের সামনে ছাত্রশিবির ও ছাত্রলীগের উত্তেজিত নেতা-কর্মীদের শান্ত করতে গেলে একপক্ষ তাকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। এতে তিনি মুখে আঘাত পান। প্রক্টরকে পুলিশের গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সহকারী প্রক্টর। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক সুমন মামুন দাবি করেন, ধাওয়া খেয়ে তাদের চার কর্মী সোহরাওয়ার্দী হলে ঢুকে পড়লে সেখানে ছাত্রশিবির নেতারা তাদের বেদম পেটায়। অপরদিকে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান দাবি করেন, ছাত্রলীগের হামলায় তাদের দুই কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, ছাত্রশিবির ও ছাত্রলীগ কর্মীরা শাহজালাল হলের সামনে দুই পাশে অবস্থান নিয়েছে। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। উভয়পক্ষই ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল করেছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএস/কিউএইচ/জেকে/১৬৩০ ঘ.