২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা টিংকু আর নেই

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু মারা গেছেন। ৫০ বছর বয়সী টিংকু মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 05:20 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু মারা গেছেন। ৫০ বছর বয়সী টিংকু মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। টিংকুর ঘনিষ্ঠ সহকর্মী এ বি জাকিরুল হক টিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে মারা যান সাবেক এই ছাত্রনেতা। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র টিংকু ১৯৮৯-৯০ মেয়াদে জাতীয় ছাত্রলীগের সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরে মহিউদ্দিন আহম্মেদ ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন বাকশাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলে টিংকুও আওয়ামী লীগে যোগ দেন। কর্মজীবনে টিংকু ছিলেন একটি নির্মাণ সংস্থার চেয়ারম্যান। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। পরিবারের সদস্যরা জানান, ২০১০ সালের নভেম্বরে টিংকুর মস্তিষ্কে টিউমার ধরা পড়লে তাকে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এরপরও তা ক্যান্সারের রূপ নেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মাসে তাকে ভর্তি করা হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। সেখানেই বুধবার ভোরে মারা যান তিনি। হাসপাতাল থেকে টিংকুর মরদেহ প্রথমে নেওয়া হয় মগবাজারে তার বাড়িতে। দুপুরে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবি কেন্দ্রীয় মসজিদে টিংকুর জানাজায় অংশ নেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারাসহ রাজনীতিবিদরা। শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে টিংকু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।” টিংকুর সময়ের ছাত্রদল সভাপতি ও ডাকসুর সহসভাপতি আমানউল্লাহ আমান বলেন, “স্বৈরতন্ত্র প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি। তিনি বীরের মতো সামনে থেকে এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জাতি আজ সেই জাতীয় বীরকে হারালো।” ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে শ্রদ্ধা জানানোর পর লাশ নেওয়া হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে শ্রদ্ধা জানানোর পর চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হবে। বৃহস্পতিবার তাকে সেখানেই দাফন করা হবে। টিংকুর মৃত্যুতে নব্বইয়ের ছাত্রনেতারা শোক প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনাও জানান। বিবৃতিদাতারা হলেন- ডাকসুর সাবেক ভিপি মো. আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দিন ও খ ম জাহাঙ্গীর, ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ফজলে হোসেন বাদশা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার মো. ফারুক ও আনোয়ারুল হক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি শিরীন আখতার, ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, সাবেক জিএস খায়রুল কবির খোকন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/প্রতিনিধি/এমআই/১৬৫৫ ঘ.