ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়ার একটি পুরনো মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন হাজি মোহাম্মদ সেলিম, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
সাবেক সংসদ সদস্য সেলিমসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে হাকিম কেশব রায় চৌধুরী তা মঞ্জুর করেন।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২৩ মার্চ হরতালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে লালবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। হাইকোর্টের আদেশে দীর্ঘদিন স্থগিত ছিল এ মামলার কার্যক্রম।
সোমবার বিচারিক আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে হাজি সেলিমসহ অন্য আসামিরা উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ কারণেই বুধবার তাদের আত্মসমর্পণ করে জামিন নিতে হলো।
ওই আদালতের পেশকার কাজী তোফাজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের একটি আবেদন জমা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩০২ ঘ.
bdnews24