২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সমাবেশে বাধার পরিণাম শুভ নয়: মওদুদ

আগামী ১২ মার্চ বিএনপির রাজধানীর মহাসমাবেশে বাধা দিলে পরিণমা শুভ হবে না বলে সতর্ক করেছেন বিএনপির দুই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 06:38 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ মার্চ বিএনপির রাজধানীর মহাসমাবেশে বাধা দিলে পরিণমা শুভ হবে না বলে সতর্ক করেছেন বিএনপির দুই নেতা। সমাবেশ নিয়ে সরকার ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে তারা সোমবার বলেন, ১২ মার্চ ঢাকায় আমাদের মহাসমাবেশ হবেই। দেশে সংঘাত সৃষ্টি করতে সরকার ইচ্ছাকৃতভাবে মহাসমাবেশে বাধা দেওয়ার ষড়যন্ত্র করছে, উস্কানি দিচ্ছে। তারা বলেন, বিএনিপর মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। বিকালে পৃথক দু’টি আলোচনা বক্তব্যে এ কথা বলেন বিএনিপর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘জনতার ধ্বনি’ সংগঠনের উদ্যোগে ‘সীমান্তে বিএসএফের আগ্রাসন, সরকারের নীরবতা ও দেশপ্রেমিক জনগণের করণীয়’ এবং জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদের’ উদ্যোগে ‘আওয়ামী লীগের দুঃশাসন, মিথ্যাচার ও ডিজিটাল জালে বন্দি বাংলাদেশ ও দেশপ্রেমিক নাগরিকের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। আগামী ১২ মার্চের পূর্বঘোষিত মহাসমাবেশ সম্পর্কে ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-নেতাদের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ওই মহাসমাবেশ সম্পর্কে সরকারের কয়েকজন মন্ত্রী হুমকি দিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এর মাধ্যমে আওয়ামী লীগের একদলীয় বাকশালী চরিত্রের বহির্প্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে।” অন্য আলোচনা সভায় মওদুদ বলেন, “আমাদের মহাসমাবেশে মানুষ যাতে কম আসে, ভয়ভীতি দেখানোর জন্য মন্ত্রীরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে কোনো লাভ হবে না।” নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নের দলের অবস্থান ব্যাখ্যা করে সাবেক আইনমন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বিএনপি এক ইঞ্চিও তার অবস্থান থেকে সরে আসবে না। তত্ত্বাবধায়ক শব্দ নিয়ে সরকারি দলের আপত্তি থাকলে সেক্ষেত্রে নির্দলীয় নিরপেক্ষ কিংবা অন্তবর্তীকালীন যে নামে বলা হোক না কেন ওইরকম সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।” বিএনপিপ্রধান গত শনিবার বলেন, দলীয় সরকারের অধীনে তার দল আগামী নির্বাচনে অংশ নেবে না। ‘তত্ত্বাবধায়কে’ সরকারের আপত্তি থাকলে ‘নিরপেক্ষ নির্দলীয়’ বা ‘অন্তর্বতী’ যে কোনো নামে এ সরকার হতে পারে। গতবছর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিএনপির পক্ষ থেকে প্রথমবারের মতো সেদিন ‘তত্ত্বাবধায়কের’ পাশাপাশি অন্য ‘নামের’ কথা বলা হয়। এ প্রসঙ্গে মওদুদ সোমবার বলেন, “নেত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছে। এটা ঠিক নয়। আমরা এক ইঞ্চি সরে আসিনি।” “নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০৩২ ঘ.