২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেডিট রেটিংয়ে ইঙ্গিত রাজনৈতিক স্থিতির

সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান, অভ্যুত্থানচেষ্টার মধ্যেও ক্রেডিট রেটিং এজেন্সি ‘মুডিস’ বাংলাদেশে শিগগিরই সঙ্কটের ঝুঁকি দেখছে না। শেখ শাহরিয়ার জামানের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের কারণে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করা হলেও ক্রেডিট রেটিং এজেন্সি ‘মুডিস’ বাংলাদেশে শিগগিরই সঙ্কটের ঝুঁকি দেখছে না। রাজনৈতিক অঙ্গনে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান এবং মাসখানেক আগেই সেনা অভ্যুত্থানের একটি চেষ্টার মধ্যেই মুডিস’র রেটিংয়ে আগের অবস্থানই (বিএ থ্রি) ধরে রেখেছে বাংলাদেশ। মুডিস’র মতো ক্রেডিট রেটিং এজেন্সি ‘স্টান্ডার্ড অ্যান্ড পুয়র’ও তাদের রেটিংয়ে বাংলাদেশকে আগের অবস্থানে (বি মাইনাস) রেখেছে। বাংলাদেশের ক্রেডিট রেটিং ঠিক করে মুডিস বলেছে, বাংলাদেশে শিগগিরই এমন সঙ্কটের আশঙ্কা কম দেখা যাচ্ছে, যাতে অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বিনষ্ট হয়। মুডিস’র এই মূল্যায়ন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কম ঝুঁকি প্রকাশ করে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। “তবে এটা পুরোপুরি তাদের মূল্যায়ন,” যোগ করেন তিনি। মির্জ্জা আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ী মহল শঙ্কার কথা বলে দুটো বিষয় মনে রেখে। প্রথমত নীতির পরিবর্তন, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি।” “যদি সরকার পরিবর্তন হলেও নীতি ও কৌশল ঠিক থাকে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি না ঘটে, তবে বাণিজ্য খাত ক্ষতিগ্রস্ত হয় না,” বলেন তিনি। এ ক্ষেত্রে থাইল্যান্ডকে উদাহরণ দেখিয়ে মির্জ্জা আজিজ বলেন, গত ৫০ বছরে দেশটিতে ৩১ বার সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু নীতির পরিবর্তন হয়নি কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে ভুগতে হয়নি। তবে দেশে রাজনৈতিক অস্থিরতা ঝুঁকির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “মার্চে সরকার ও বিরোধী দল উভয় পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। এখন সবাই যদি রাজপথে থাকে, তবে অস্থিরতার শঙ্কা থেকেই যায়।” তবে ক্রেডিট রেটিং এজেন্সির মূল্যায়নকে পুরোপুরি গ্রহণ করতে নারাজ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুডিস তাদের রেটিংয়ে বাংলাদেশকে মধ্যম মানে রেখেছে। তবে মনে রাখতে হবে এই সব রেটিং নিয়েও বিতর্ক রয়েছে। “দেখুন এখন কী হচ্ছে। ট্রিপল এ রেটিংধারী উন্নত দেশগুলোও কিন্তু সমস্যা পোহাচ্ছে। আর এই ক্ষেত্রে কোনো পূর্বাভাসই আমরা পাইনি,” বলেন সাবেক এই গভর্নর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৯০০ ঘ.