ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি পুনরায় জানিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তা না হলে দেশে রাজনৈতিক সঙ্কট গভীর হতে পারে।
বিরোধী দলের কর্মসূচির দিনে সরকারি দলের কর্মসূচি দেওয়ার সমালোচনাও করে তিনি বলেছেন, সরকার উচ্ছা করেই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।
রোববার দুপুরে মহাখালীর মেট্রোপলিটান হাসপাতালে ফখরুল সাংবাদিকদের বলেন, “আমরা বার বার বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালই চলমান রাজনৈতিক সঙ্কটের একমাত্র সমাধান। এর আগে নতুন ইসি গঠন করে এই সমস্যা সমাধান আসবে না।”
“তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত প্রথম সরকারকে নিতে হবে। এরপর অন্যকিছু,” বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
চাঁদপুরে গণমিছিলে পুলিশের গুলিতে আহত হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এনামুল হককে দেখতে যান ফখরুল। ২৯ জানুয়ারি এনামুলের মাথায় গুলি লাগে। তার অস্ত্রোপচার হয়েছে ওই হাসপাতালে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার দলীয় সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হতে পারে বলে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
আগামী ১২ মার্চ ঢাকায় বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির প্রস্তুতিতে ফখরুল বলেন, “আমাদের কর্মসূচি আছে জেনেও ক্ষমতাসীন দল একই দিনে কর্মসূচি দিচ্ছে। এটা তাদের অগণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। মন্ত্রী-নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা গণতন্ত্রের রীতিনীতির কোনো তোয়াক্কা করেন না।”
“এভাবে একই দিন কর্মসূচি দিয়ে ক্ষমতাসীনরা দেশকে সাংঘর্ষিক পথে নিয়ে যেতে চায়। উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা,” বলেন তিনি।
১২ মার্চ সারাদেশ থেকে বিএনপি নেতা-কর্মীরা ঢাকায় আসবে, একে ‘ঢাকা চল’ কর্মসূচি বলছেন বিরোধী নেতারা। ওই দিন আওয়ামী লীগও ঢাকায় কর্মসূচি দিচ্ছে বলে সংবাদ মাধ্যমের খবর।
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমরা কর্মসূচি দিয়ে মাঠ দখল করব। বিএনপিকে কোনোভাবেই ঢাকায় ঢুকে অরাজকতা চালাতে দেওয়া হবে না।”
এর আগে ৩০ জানুয়ারি বিএনপির গণমিছিলের দিনও আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করেছিল। তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও কোনো ধরনের গোলযোগ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৬ ঘ.
bdnews24