ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযম যেসব খাবার খেয়ে অভ্যস্ত প্রিজন সেলে তা দেওয়া হচ্ছে না, এ কারণে তাকে বেশ দুর্বল দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন তার ছেলে আবদুল্লাহিল আমান আজমি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে শনিবার বিকাল ৪টায় বাবার সঙ্গে আধঘণ্টা দেখা করার পর সাংবাদিকদের আজমি বলেন, “আমার বাবার শরীরের ওজন প্রায় ৩ কেজি কমে গেছে। তাছাড়া ওনাকে (গোলাম আযমকে) বেশ দুর্বল দেখাচ্ছে।”
“আমার বাবা বিভিন্ন ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। কিন্তু ওনাকে এ ধরনের খাবার দেওয়া হচ্ছে না। তাই ওনাকে বেশ দুর্বল দেখাচ্ছে।”
গোলাম আযমকে ওষুধ ঠিকমত দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, “তবে ওষুধ তো আর সুষম খাবারের বিকল্প নয়।”
এ সময় গোলম আয়মের স্ত্রী আফিফা আযম এবং আমান আজমির স্ত্রী রুমা আজমি তার সঙ্গে ছিলেন।
গত ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বলেছিল, গোলাম আযমকে নিজের পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে।
আজমি বলেন, “গোলাম আযমের দৃষ্টিশক্তিরও সমস্যা হচ্ছে।”
“আমরা কোনো ধরনের খাবার সরবরাহ করতে পারি না। এমনকি ওনার ব্যক্তিগত কোরআন শরীফ ও হাদিসের বইগুলো দিতে দিচ্ছে না।”
তিন সপ্তাহে গোলাম আযমের ওজন তিন কেজি কমে ৬৯ কেজি হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মজিদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১ জানুয়ারি গোলাম আযমের ওজন ছিলো ৭০ কেজি, বর্তমানেও তার ওজন ৭০ কেজি রয়েছে।”
“গোলম আযমের স্ত্রীর স্বাক্ষরকৃত মেনু অনুযায়ী সব ধরনের খাবার সরবরাহ করা হয়। তিনি করলা ভাজি, ছোট মাছ ও আচার পছন্দ করেন, সেগুলোও সরবরাহ করা হয়ে থাকে তাকে।”
একাত্তরে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী গোলাম আযমকে গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর কারাগারে পাঠানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর ওই দিনই চিকিৎকদের পরামর্শে হাসপাতালে পাঠানো হয় তাকে। এরপর থেকে গোলাম আযম হাসপাতালেই রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত হয় একটি মেডিক্যাল বোর্ড।
চোখের সমস্যার ব্যাপারে আব্দুল মজিদ বলেন, “এ পর্যন্ত গোলাম আযমকে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হয়েছে। এদের মধ্যে একজন চক্ষু বিশেষজ্ঞও ছিলো।”
বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি।
বাংলাদেশে ফেরার পর দীর্ঘদিন তার নাগরিকত্ব না থাকলেও বিগত বিএনপি সরকারের সময় উচ্চ আদালতের আদেশে নাগরিকত্ব ফিরে পান গোলাম আযম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৪৪ ঘ.
bdnews24