ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ঘোষিত কর্মসূচির প্রেক্ষাপটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে ‘পায়ে পাড়া দিয়ে ঝগড়া’ বাধাতে চাইছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “২৯ জানুয়ারি গণমিছিল ও ১২ মার্চ ঢাকার মহাসমাবেশের কর্মসূচি আমাদের নেত্রী ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউণ্ড মাঠ থেকে ঘোষণা দিয়েছেন। এখন আওয়ামী লীগের এক নেতা আজ বলেছেন, তারা মার্চ মাসে মাঠে থাকবেন। এভাবে ক্ষমতাসীনরা ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে।”
আনোয়ার বলেন, “মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শনিবার এক আলোচনা সভায় বলেছেন, আওয়ামী লীগ এবার বিরোধী দলের কোনো বিশৃঙ্খলা সহ্য করবে না। আমরা ৭ মার্চ থেকে মাঠ দখল করব।”
চারদল ও সমমনা দলের উদ্যোগে আগামী ১২ মার্চ ‘ঢাকা চলো’ মহাসমাবেশ করার কথা রয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক জনসভা থেকে ২৯ জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু আওয়ামী লীগ একই দিনে রাজধানীতে জনসভা করার ঘোষণা দিলে ওইদিন সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ।
পুলিশের নিষেধাজ্ঞায় বিএনপির গণমিছিল কর্মসূচি একদিন পিছিয়ে সোমাবার করার পর মহানগর আওয়ামী লীগও একই দিনে সমাবেশ করে।
দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ‘ব্যর্থ’ দাবি করে এম কে আনোয়ার বলেন, “পাল্টা কর্মসূচি দিয়ে জনগণের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। তাই আওয়ামী লীগকে বলব, মাঠে থাকুন ভালো কথা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই মিলে মাঠে থাকুন। কেবল পুলিশ ও র্যাবকে এর সঙ্গে জড়াবেন না।”
নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে মাওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাঠ দখলে জন্য পাগলের প্রলাপ বকে জনরোষ থেকে সরকার বাঁচতে পারবে না বলে মন্তব্য করেন আনোয়ার।
‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদকে মিথ্যা ও অসত্য বলার পাঠশালা বানিয়েছেন’ অভিযোগ করে জ্যেষ্ঠ সাংসদ এম কে আনোয়ার বলেন, “সেখানে জিয়াউর রহমানসহ বিএনপির বিরুদ্ধে কুৎসিত ভাষায় কথা বলার শিক্ষা দেওয়া হয়।”
“প্রধানমন্ত্রী যে ভাষায় মিথ্যা বক্তব্য রাখেন, এটা তার পরিচয়ই বহন করে। আমরা এরকম ভাষায় কথা বলতে পারি না। জনগণ প্রধানমন্ত্রীর মিথ্যা বক্তব্য আর বিশ্বাস করে না”, যোগ করেন তিনি।
সরকারকে এরকম মিথ্যাচার বন্ধ করার আহ্বানও জানান আনোয়ার।
দেশের অর্থনীতিতে সংকটময় অবস্থার সৃষ্টি হয়েছে উল্লেখ করে এম কে আনোয়ার আরো বলেন, দুর্নীতিতে সরকার ডুবে গেছে।
মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদি, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান , সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক মোল্লা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/২০০৩ ঘ.
bdnews24