ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জনগণের ‘ক্ষমতায়নের’ জন্য সব নির্বাচনে ইভিএম চালু করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার নির্বাচনে প্রমাণ হয়েছে যে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি হয় না।
বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
কুমিল্লা নির্বাচনে প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
“প্রমাণিত হয়েছে, ইভিএমে ভোট কারচুপি হয় না, সুষ্ঠু নির্বাচন হয়। বিরোধী দলীয় প্রার্থীও নির্বাচিত হয়”, বলেন শেখ হাসিনা।
গত ৫ জানুয়ারি এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক সাক্কু, যিনি বিএনপি থেকে অব্যাহতি নিয়ে এ নির্বাচনে অংশ নেন। ইভিএম ব্যবহারের প্রতিবাদ ও সেনা মোতায়েনের দাবিতে তার দল বিএনপি এ নির্বাচন বর্জন করে।
সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করায় এ নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয় ভোট শেষ হওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যে।
এ বিষয়টির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই- তার প্রতিফলন হলো ইভিএমের ব্যবহার। জনগণের ক্ষমতায়নের জন্য আমরা সব নির্বাচনে ইভিএম চালু করতে চাই।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকারের প্রতিনিধিরাই উন্নয়ন পরিকল্পনা করবে। সরকার অর্থায়ন করবে। এভাবেই সুষম উন্নয়ন হবে।
এই অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লার মেয়র হিসেবে মনিরুল হক সাক্কুকে শপথ পড়ান প্রধানমন্ত্রী। আর নির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
নিজের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বলেন, কে কোনো দলের- তা বড় বিষয় নয়, উন্নয়নই সরকারের লক্ষ্য। দল বিবেচনায় না নিয়ে মানুষ যাতে উপকৃত হয় সে লক্ষ্যে কাজ করার জন্য মেয়র-কাউন্সিলদের প্রতি আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩৫০ ঘ.
bdnews24