ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট- এই দুই দুর্নীতি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার বিচারিক আদালতে উপস্থিত হয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ বিচারক মোজাম্মেল হোসেনের আদালতে জিয়া এতিমখানা মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করবেন খালেদা জিয়া।
এই দুই মামলায় হাজিরা দিতে বেলা সাড়ে ১০টার পর গুলশানে নিজের বাসা থেকে আদালতপাড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপার্সন। আদালত প্রাঙ্গণে পৌঁছান ১১টা ৪০ এ।
পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। নর্থ সাউথ রোড থেকে আদালত পর্যন্ত রাস্তার দুই ধারে সমবেত হন দলের নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সকালে আদালত প্রাঙ্গণে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় তারা শ্লোগান দেন- ‘খালেদা জিয়া, ভয় নাই’।
খালেদার আইনজীবীরা জানান, বিএনপি চেয়ারপার্সন প্রথমে মহানগর দায়রা জজ আদালত ভবনের ষষ্ঠ তলায় মোজ্জামেল হোসেনের আদালতে হাজির হবেন। পরে যাবেন একই ভবনের দ্বিতীয় তলায় জহুরুল হকের আদালতে।
এদিকে জিয়া এতিমখানা দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির মুলতবির জন্য সকালেই একটি আবেদন করেন খালেদার আইনজীবী।
সকাল ১১টায় তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ জমা দেওয়া এই আবেদনে বলেন, ২০১০ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট এ মামলাটি স্থগিত করে দিয়েছিল। কিন্তু গত বছরের ১৪ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। খালেদা জিয়া হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন। এ কারণে তার সময় প্রয়োজন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা
এ মামলায় খালেদাকে উচ্চ আদালতের দেওয়া ৮ সাপ্তাহের জামিন বৃহস্পতিবারই শেষ হচ্ছে। এ কারণে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করবেন তিনি।
গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।
দুদকের অনুমোদিত অভিযোগপত্রে বলা হয়েছে, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা এসেছে অবধৈ উৎস থেকে।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ গত ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অন্য আসামিরা হলেন- বিগত চার দলীয় জোট সরকারের সময়ে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস জিয়াউল ইসলাম (মুন্না) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।
খালেদা জিয়া এর আগেই ৮ ডিসেম্বর বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকেটের বেঞ্চে হাজির হয়ে জামিন চাইলে আদালত ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
অভিযোগপত্র আদালতে জমা পড়ার পর ১৭ জানুয়ারি তিনি মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে ৫ হাজার টাকা মুচলেকায় সেই জামিন নামা বিচারিক আদালতে দাখিল করেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুদকের কোনো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগপত্র।
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩ জুলাই বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রমনা থানার এ মামলায় খালেদার পাশাপাশি আসামি করা হয় তার ছেলে তারেক রহমানসহ মোট ছয় জনকে। ২০০৯ সালের ৫ অগাস্ট দুদক আদালতে অভিযোগপত্র দেয়।
এতে বলা হয়, এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংকের মাধ্যমে এতিমখানার জন্য আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মামলার আসামিরা।
এ মামলার অপর আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
খালেদা জিয়া হাইকোর্টে এ মামলা বাতিলের আবেদন করলে আদালত গত ১৪ ডিসেম্বর তা বাতিল করে দেয়। ফলে বিচারিক আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়।
জিয়া এতিমখানা মামলায় সর্বশেষ ২০০৯ সালে ৫ অগাস্ট বিচারিক আদালত হাজির হয়েছিলেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/জেকে/১১১৫ ঘ.
bdnews24