২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনদের স্বাগত জানাতে ইসির প্রস্তুতি

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেছে ইসি সচিবালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেছে ইসি সচিবালয়। ইতোমধ্যে বর্তমান কমিশনকে বিদায় জানাতে ও নতুনদের বসার কক্ষ তৈরির কাজও শুরু করেছে। আগামী ৫ ফেব্র“য়ারি প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং ১৪ ফেব্র“য়ারি নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হচ্ছে। ফখরুদ্দীন আহমেদর নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিন সদস্যের ইসিকে নিয়োগ দেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। সেসময় বিরোধী দল আওয়ামী লীগের আন্দোলন ও বিতর্কের মুখে বিদায় নিতে হয় বিচারপতি এমএ আজিজের নেতৃত্বাধীন ছয় সদস্যের ইসিকে। সংবিধানের পঞ্চদশ সংশোধনে সিইসি ও চার নির্বাচন কমিশনার নিয়ে সর্বোচ্চ পাঁচ সদস্যের ইসি গঠনের কথা রয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ শেরে বাংলানগরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “ইসিকে বিদায় ও স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রীতি অনুযায়ী যা যা করার তা করবো আমরা; এটা রুটিন ওয়ার্ক।” “সর্বোচ্চ ৫ সদস্যের ইসির সুযোগ থাকায় সবার বসার ব্যবস্থা রাখতে হবে। যখনই নিয়োগ পাবেন তাদের অভ্যর্থনা জানাতে ও ইসির বিস্তারিত জানাতে ফাইলও প্রস্তুত রাখা হয়েছে।” সচিব জানান, বিদায়ী কমিশন ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে শনিবার অর্থনৈতিক সম্মেলন কক্ষে (এনইসি) বৈঠকে বসবে। ইতমিধ্যে বর্তমান ইসি পঞ্চবার্ষিক ও দ্বিবার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি করেছে। এরপরও শেষ মুহূর্তে ইসির নির্দেশনা শুনবে কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে সিইসি বৃহস্পতিবার বিকালে দুই কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে পারেন। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসির বিদায়ের আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংলাপ করেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। এর পর ইসি গঠনে চার সদস্যের সার্চ কমিটি গঠন করেন তিনি। কমিটিতে ইতিমধ্যে আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নাম প্রস্তাব করেছে। জাতীয় পার্টি কোনো নাম দেয়নি কমিটিকে। বিএনপি আগে থেকেই বলে এসেছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্ত ছাড়া তারা ইসি পুনর্গঠনে অংশ নেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৩ ঘ.