২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কোন্দলই সংঘর্ষের কারণ: চাঁদপুর আ. লীগ

গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং দুই জনের মৃত্যুর জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকেই দায়ী করেছে চাঁদপুর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

চাঁদপুর, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং দুই জনের মৃত্যুর জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকেই দায়ী করেছে চাঁদপুর আওয়ামী লীগ। বুধবার এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া বলেন, “বিএনপি ও যুবদলের মধ্যকার বিদ্যমান বিরোধের জের ধরে তাদের দুই কর্মী নিহত হয়েছে। আর এই ঘটনায় এখন পুলিশ ও আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে।” রোববার চাঁদপুর শহরে বিএনপির গণমিছিলের সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এতে লিমন ছৈয়াল (২২) ও আবুল কাশেম মৃধা (৫০) নামে দুজন পুলিশের গুলিতে নিহত হয়। বিএনপি এই ঘটনার জন্য পুলিশ ও সরকারকে দায়ী করে আসছে। নিহত কাশেম মৃধার স্ত্রী ফাতেমা বেগম বুধবার ঘটনায় নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট ও সদর মডেল থানার ওসিকে আসামি করে একটি মামলা করেছেন। দলের দুই কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিএনপি কয়েকদিন ধরে বিক্ষোভ চালিয়ে আসছে। এর প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলন করল আওয়ামী লীগ। শহরের কালীবাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সভাপতি বিএনপির কোন্দলকে দায়ী করলেও ভিন্ন কথা বলেন চাঁদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, “দুই নারী পুলিশকে লাঞ্ছিত করতে গিয়ে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। তারা (বিএনপিকর্মী) কালীবাড়ি এলাকার শপথ চত্বরে দায়িত্বরত দুই মহিলা পুলিশকে লাঞ্ছিত করে। ওই সময় ওই দুই পুলিশ সম্ভ্রম বাঁচাতে পাশের হকার্স মার্কেটে আশ্রয় নেয়। এ নিয়ে বিএনপি ও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।” সংবাদ সম্মেলনে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওসমান গনি পাটওয়ারী, আব্দুল মান্নান মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান পাটওয়ারী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৩ ঘ.