ঢাকা, ফেব্র“য়ারি ০১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, তার দল ক্ষমতায় গেলে বর্তমান সরকারের আমলে প্রত্যাহার করা সব মামলা পুনরুজ্জীবিত করা হবে।
বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার দ্বৈতনীতির মাধ্যমে নিজেদের ৭ হাজার ১৩১টি মামলা প্রত্যাহার করে নিয়েছে। বিরোধী দলের একটিও হয়নি। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১৫টি দুর্নীতি মামলা প্রত্যাহার করেছেন। আমরা ক্ষমতায় গেলে এসব মামলা পুনরুজ্জীবিত করে দ্রুত বিচারের ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির কাছে প্রায় ১১ হাজার মামলা প্রত্যাহারের আবেদন জমা পড়ে। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া ৭ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিরোধী দলের কর্মসূচিতে বাধা প্রদান ও খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ইয়ুথ ফোরাম।
ঢাকাসহ বিভিন্ন জেলায় গণমিছিলে সরকারের নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করে সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার উদ্দেশ্যমূলকভাবে ১৪৪ ধারা জারি করেছে। তাদের উদ্দেশ্য ছিলো- বিএনপি ওই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে দেশে একটা সংঘাতময় পরিবেশ সৃষ্টি হবে, তাতে জরুরি অবস্থা জারি করা যাবে।”
“যে কারণ দেখিয়ে ২৯ জানুয়ারি ঢাকায় গণমিছিলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো, পরদিন কেন তা বলবৎ রাখা হয়নি”, প্রশ্ন রাখেন তিনি।
সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে- এমন অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রর্বতন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ‘বিদায় করা’ হবে।
ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান, আবু নাসের মো. রহমাতুল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হানিফ, ফরিদা ইয়াসমীন, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৫১২ ঘ.
bdnews24