চাঁদপুর, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বিএনপির গণমিছিলে পুলিশের গুলির ঘটনায় নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট ও সদর মডেল থানার ওসিকে আসামি করে একটি মামলা করেছেন নিহত এক ব্যক্তির স্ত্রী।
নিহত আবুল কাশেম মৃধার (৫০) স্ত্রী ফাতেমা বেগম বুধবার দুপুরে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম চমন বেগম চৌধুরীর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী সেলিম আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ আরো এক থেকে দেড়শ ‘অজ্ঞাত পরিচয়’ ব্যাক্তিকে আসামি করা হয়েছে।
রোববারের ঘটনায় পুলিশকে গুলির নির্দেশ দেওয়ার সময় দায়িত্বরত জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামীমুল হক পাভেল, সদর মডেল থানার ওসি জাকের হোসাইন ও ওসি (তদন্ত) আলমগীর হোসেন মজুমদার, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমানসহ মডেল থানায় দায়িত্বরত সব উপ-পরিদর্শককে (এসআই) আসামিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওইদিন চাঁদপুর শহরে বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে লিমন ছৈয়াল (২২) ও আবুল কাশেম মৃধা (৫০) নামে দুজন পুলিশের গুলিতে নিহত এবং শতাধিক আহত হয়।
শহরের বাবুরহাট এলাকার বাসিন্দা কাশেম রিকশা চালিয়ে সংসার চালাতেন।
এ ঘটনায় পুলিশ সোমবার নিহত দুই কর্মীসহ বিএনপির ছয় হাজার নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪২৫ ঘ.
bdnews24