২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপির তদন্ত প্রতিবেদন মনগড়া’

কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিএনপির তদন্ত প্রতিবেদনকে ‘মনগড়া’ আখ্যায়িত করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিএনপির তদন্ত প্রতিবেদনকে ‘মনগড়া’ আখ্যায়িত করেছে আওয়ামী লীগ। গণভবনে শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিএনপি নিজেদের মতো করে এ তদন্ত প্রতিবেদন দিয়েছে। প্রশাসনিক তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের মনগড়া প্রতিবেদন সুষ্ঠু তদন্তের কাজে বাধার সৃষ্টি করবে।” বিএনপি গঠিত ৮ সদস্যের এই তদন্ত কমিটির সদস্যরা গত সপ্তাহে ঘটনাস্থল ঘুরে এসে শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৬৭ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেন। এতে দাবি করা হয় কক্সবাজারের রামু-উখিয়া-টেকনাফ-পটিয়ায় সরকারের ‘পরোক্ষ’ ইন্ধনেই বৌদ্ধ বসতিতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার রহস্য উদঘাটনে ‘অতিদ্রুত’ একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি জানিয়েছে দলটি। আশরাফ বলেন, “তদন্তে আওয়ামী লীগের কেউ এ ঘটনায় জড়িত বলে প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” সংসদীয় বোর্ডের বৈঠকে রামুর সহিংসতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, “স্থানীয় বিএনপি এমপির উস্কানি ও নেতৃত্বে বৌদ্ধ বসতিতে হামলা হয়েছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন- তিনি তার সত্যতা নিশ্চিত হয়ে ও সঠিকভাবে জেনেই বলেছেন।” প্রশাসনিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আশরাফ সকলকে ধৈর্য্য ধরারও আহবান জানান। রামুর ঘটনায় বিএনপি নেতা মওদুদ আহমেদের নেতৃত্বে তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আশরাফ বলেন, “অন্যথায় সুষ্ঠু তদন্তে বাধার সৃষ্টি হবে। মনগড়া রিপোর্ট দিয়ে তদন্ত কাজে বাধা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।” শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আলাউদ্দিন আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের এবং সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। টাঙ্গাইল-৩ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণের জন্যই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সরকার দলীয় সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে খালি হওয়া এ আসনে আগামী ১৮ নভেম্বর ভোট হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী শনি ও রোববার ধানম-ির তিন নম্বর সড়কে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র বিতরণ করা হবে। প্রতিটি মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা। ১৪ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। আশরাফ বলেন, “আগামী ১৫ নভেম্বর সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। সেদিনই সম্ভবত সিদ্ধান্ত হবে।” ভারতের চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর মারা যান মতিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২২৪২ ঘ.