২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির কংগ্রেস শুরু

দেশে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ার আহ্বানে দশম কংগ্রেস শুরু করেছে দেশের অন্যতম পুরনো দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ার আহ্বানে দশম কংগ্রেস শুরু করেছে দেশের অন্যতম পুরনো দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার সকালে মহানগর নাট্যমঞ্চে কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্রসহ বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির নেতারা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান বলেন,“পাকিস্তান আমলে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠেছিল, আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু এই চেতনা আজ বিপন্ন।” দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “রামু, পটিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর হচ্ছে। দেশের ধনিক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই আজ এই অবস্থা।” অবিলম্বে সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে যুক্ত সব ব্যক্তি এবং গোষ্ঠী গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সিপিবি সভাপতি। বর্তমানে দেশ সঙ্কটের মধ্য দিয়ে চলছে দাবি করে তা থেকে উত্তরণে বৃহত্তর ঐক্যের ভিত্তিতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানান তিনি। “বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলার সময় এসেছে। এর জন্য প্রয়োজন দেশের সব বামদলগুলোর রাজনৈতিক ঐক্য,” বলেন তিনি। মনজুরুল আহসান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কংগ্রেস প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হায়দার আকবর খান রনো। বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিআইএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র ছাড়াও বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের সম্পাদক শ্যামল রায়, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী-লেনিনবাদী) নেতা সঞ্জয় সাংভি, নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) পলিটব্যুরো সদস্য মহেন্দ্র পাণ্ডে, শ্রীলংকার কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান রাজা কোলুরে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস-চেয়ারম্যান নগোয়েন হু তাং, চীনের কমিউনিস্ট পার্টির ইয়ং ঝাওহুই, রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টির নেতা ও সাংসদ পোটাপভ আলেকজান্ডার, মার্কসিস্ট-লেনিনিস্ট পার্টি অব জার্মানি নেতা ক্লস ওয়ালেনস্টেইন প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়া, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য্য, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানের পর মহানগর নাট্যমঞ্চ থেকে শোভাযাত্রা বের হয়, তা পল্টন মোড়, দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিকালে মহানগর নাট্যমঞ্চে কংগ্রেসের রুদ্ধদ্বার অধিবেশন শুরু হয়। সারাদেশের ছয় শতাধিক প্রতিনিধি এই কাউন্সিল অধিবেশনে অংশ নিচ্ছেন বলে সিপিবি নেতারা জানিয়েছেন। কংগ্রেসের মধ্যদিয়ে নতুন কর্মসূচি গ্রহণের পাশাপাশি দলের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। বৃটিশ ঔপনিবেশিক শাসনের মধ্যে ১৯২০ সালে তাসখন্দে গঠিত হয় সর্বভারতীয় কমিউনিস্ট পার্টি। এর পর দেশ ভাগ হলে ভারত ও পাকিস্তানে আলাদা কমিউনিস্ট পার্টি হয়। তবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির আলাদা একটি কেন্দ্রীয় কমিটি হয় পূর্ব পাকিস্তানে। স্বাধীন বাংলাদেশে কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। সিপিবির নবম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালের অগাস্টে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২৩০০ ঘ.