ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে এনিয়ে সরকারকে হুমকি দিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
তিনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাজ্জাকের ওপর ‘আঘাত’ এলে আইনজীবীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে রাজ্জাকও ছিলেন। তিনি দাবি করেন, তার ওপর গোয়েন্দা নজরদারি চলছে।
রাজ্জাক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। অন্যদিকে খন্দকার মাহবুব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যারিস্টার রাজ্জাকও গ্রেপ্তার হতে পারেন বলে একটি দৈনিকে সংবাদ প্রকাশের পর এই সংবাদ সম্মেলন হয়।
এর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার সময় একাত্তরে রাজ্জাকের ভূমিকা তুলে ধরে তার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মিছবাহুর রহমান চৌধুরী।
তবে জামায়াত নেতা রাজ্জাক তাৎক্ষণিকভাবে ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন মিছবাহুর বিভ্রান্তি তৈরি করতে ওই অভিযোগ উত্থাপন করেছেন।
সংবাদ সম্মেলনে রাজ্জাক বলেন, গত এক সপ্তাহের মধ্যে তার বাসা ও চেম্বারে গোয়েন্দা সংস্থার সদস্যরা গেছে।
“কয়েকদিন পূর্বে একজন গোয়েন্দা চেম্বারে এসেছিল। এসে বলে, স্যার কেমন আছেন, আপনাকে দেখতে এসেছি। পরিচয় জানতে চাইলে এসবির লোক হিসাবে পরিচয় দেয়।”
এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, “আমি গ্রেপ্তারের আশঙ্কা করছি না। তবে আমাকে গ্রেপ্তার করা হবে কি না, তা যারা গ্রেপ্তার করবেন, তারাই ভালো জানেন।”
খন্দকার মাহবুব বলেন, “একজন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাককে গোয়েন্দা নজরদারির নামে হয়রানি করা হচ্ছে। তিনি যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভূমিকা রাখতে না পারেন, সে ধরনের ষড়যন্ত্র হচ্ছে।”
“আমরা সকলকে হুঁশিয়ার করে দিতে চাই, একজন আইনজীবীর ওপর আঘাত এলে আমরা এটাকে সমগ্র আইনজীবীদের ওপর আঘাত বলে ধরে নেব,” বলেন তিনি।
খন্দকার মাহবুব জানান, গত ৯ অক্টোবর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের কৌঁসুলি তাজুল ইসলামকেও হয়রানি করা হচ্ছে।
“এটি একটি ভয়াবহ ঘটনা। কোন সভ্য দেশে আইনজীবীর চেম্বারে এইভাবে হয়রানিমূলক অভিযান চালানো হলে সংবিধান ও আইনের শাসন ভূলুণ্ঠিত হতে বাধ্য।”
“আইনজীবীদের প্রতিনিধি হিসাবে আমি এ ধরনের বিপজ্জনক খেলা বন্ধ করতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি,” বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮১৩ ঘ.
bdnews24