২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী জঙ্গিবাদের কার্ড খেলছেন’

সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিরোধী দলের ভাবমূর্তি নষ্ট করতে প্রধানমন্ত্রী ‘জঙ্গিবাদের কার্ড’ খেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিরোধী দলের ভাবমূর্তি নষ্ট করতে প্রধানমন্ত্রী ‘জঙ্গিবাদের কার্ড’ খেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণের কাছে এটা পরিষ্কার, রাজনৈতিক উদ্দেশ্যে রামুর বৌদ্ধ বিহারে হামলা চালানো হয়েছিল। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সামপ্্রদায়িকতার একটি কার্ড খেলা জোরেশোরে শুরু করেছেন। উদ্দেশ্য একটাই, দেশ-বিদেশে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করা।” রামুতে বৌদ্ধ বিহার হামলার ঘটনায় গণমাধ্যমে প্রচারিত আলোকচিত্রে স্থানীয় ছাত্রলীগ, মৎসজীবী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোকজনকেই দেখা গেছে বলে দাবি করেন আনোয়ার। তিনি বলেন, “বৌদ্ধ বিহারের কাছাকাছি স্থানে র‌্যাব, বিজিবি ও পুলিশের ছাউনি থাকলেও কেউ ঘটনাস্থলে আসেনি। প্রধানমন্ত্রী নিউইয়র্কে বসে তদন্তের আগেই স্থানীয় বিরোধী দলের সাংসদকে দোষারোপ করলেন। এ থেকে প্রমাণ হয়, হামলার ঘটনা সাজানো ও পরিকল্পিত।” জাতীয় প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত ‘রামুর ঘটনা ও সরকারের দুর্নীতি’ শীর্ষক এই আলোচনা সভায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ার অভিযোগ করেন, ২০০১ সালে আওয়ামী লীগের শাসনামলেই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার উত্থান ঘটে। “ওই সময় রাজধানীর পল্টন ময়দানের উদীচী, রমনা বটমূল, যশোর, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জে বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার একটির বিরুদ্ধেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।” বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রসঙ্গে সাবেক অর্থ সচিব এম কে আনোয়ার বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। সেজন্যই এখন ক্ষমতাসীনরা লুটপাট শুরু করেছে।” বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আলোচনায় অংশ নিয়ে বলেন, “রামুর ঘটনায় সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। যে ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সরকার তা তদন্ত করছে একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা দিয়ে। এতেই বোঝা যায় সরকার এ ঘটনায় কতটুকু গুরুত্ব দিচ্ছে।” সাংবিধানিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা সাবেক সচিব মারগুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫২৩ ঘ.