২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাগর-রুনির আসল খুনি তদন্তে আসেনি’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় ‘প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের’ নাম তদন্তে আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় ‘প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের’ নাম তদন্তে আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সাগর-রুনি হত্যার ঘটনায় ‘জড়িত’ সাতজনকে সনাক্ত করে গ্রেপ্তারের খবর প্রকাশের পরদিন বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় মোশাররফ বলেন, “এতোদিন পর সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ কিছু অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। আসল খুনি ও পরিকল্পনাকারীদের নাম তদন্তে নেই। কী কারণে এই সাংবাদিক দম্পতি খুন হলেন তার কথাও তদন্তে নেই।” গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। ঘটনার আট মাস পর মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যাক্ণাডে ‘জড়িত’ সন্দেহে আটজনকে সনাক্ত করে সাতজনকে গ্রেপ্তারের খবর জানান। তবে এই হত্যার কারণ জানাননি মন্ত্রী। ‘তদন্ত চলছে’ বলে সাংবাদিকদের সেই প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে সরকারের কারো সংশ্লিষ্টতা রয়েছে বলে বিএনপি অভিযোগ করে আসছে। গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজন চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ এবং ‘পেশাদার ডাকাত’ রফিক, বকুল, মিন্টু ও সাঈদ, সাগর-রুনির পারিবারিক ‘বন্ধু’ তানভীর এবং পূর্ব রাজাবাজারে সাগর-রুনি যে ভবনে থাকতেন, তার পাহারাদার রুদ্র ওরফে পলাশ। এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সাগর-রুনির বাড়ির আরেক পাহারাদার পলাতক হুমায়ুন ওরফে এনামুলকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগ ‘শহীদ জেহাদ স্মরণে’ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেষ দিকে ১৯৯০ সালের ১০ অক্টোবর নাজির উদ্দিন আহমেদ জেহাদ পুলিশের গুলিতে নিহত হন। প্রতিবছর এই দিনটিকে বিএনপিসহ সমমনা দলগুলো ‘জেহাদ দিবস’ হিসেবে পালন করে। সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, “নির্বাচনের আগে তারা (আওয়ামী লীগ) দোষারোপের রাজনীতি করতো। ক্ষমতায় বসার পর তারা নিজেদের অপরাধ অন্যের ঘাড়ে চাপানোর রাজনীতি শুরু করেছে।” কক্সবাজারে সাম্প্রদায়িক হামলা এবং হলমার্কের ঋণ কেলেঙ্কারি ঘটনার প্রসঙ্গ টেনে মোশাররফ বলেন, “নিজেদের লোকজনকে আড়াল করতে সরকার অন্যের ঘাড়ে দোষ চাপানো অর্থাৎ কিনা উদোর পিন্ডি বুঁদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। রামুতে গিয়ে বৌদ্ধ বিহারে হামলাকারী নিজের দলের লোকজনকে আড়াল করতে স্থানীয় বিরোধী দলীয় সংসদ সদস্যের ওপর দোষ চাপালেন।” সাজানো নির্বাচনের গুঞ্জন দেশে একটি পাতানো নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, “সরকার নিজেদের অধীনে একটি নীল নকশার আতাঁতের নির্বাচন করার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, আগাম নির্বাচন কিংবা মেয়াদ শেষে নির্বাচন যেটাই করা হোক না কেনো- তা অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে।” হলমার্কের ঋণ কেলিঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান মোশাররফ। তিনি বলেন, “আমরা মনে করি হলমার্কের অর্থ কেলেঙ্কারির প্রকৃত তথ্য জানতে হলে সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের অনুমোদন ছাড়া এভাবে একটি শাখা থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ কেউ পেতে পারে না।” সুরঞ্জিত সেনগুপ্তের ‘ঘুষ’ কেলেঙ্কারি রেলের ‘অর্থ কেলেঙ্কারি’র ঘটনায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত দাবি করে খন্দকার মোশাররফ বলেন, আজকেও (বুধবার) সুরঞ্জিত সেনগুপ্ত এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি রেলের ঘুষ কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি নির্দোষ। তবে দেশের ৯৭ ভাগ মানুষ মনে করেন, রেলের ঘুষ কেলেঙ্কারি ঘটনার সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত। “সেজন্য আমি আবারো দাবি করছি, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু সরকার তা না করে সুরঞ্জিত বাবু’র ঘুষ কেলেঙ্কারির ঘটনাকে ধামাচাপা দিতে চাচ্ছে।” বিএনপি ক্ষমতায় গেলে এসব দুর্নীতির বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৫০ ঘ.