২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের পক্ষে সাক্ষ্য দিতে পারবেন ১২ জন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের পক্ষে আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা কমিয়ে ১২ জন নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের পক্ষে আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা কমিয়ে ১২ জন নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এক আদেশে আগামী ১৪ অক্টোবরের মধ্যে এই ১২ জন সাক্ষীর নামের তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়। এছাড়া এই সাক্ষীদের কে কোন বিষয়ে সাক্ষ্য দেবেন- তাও লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান। গোলাম আযমের পক্ষে আসামিপক্ষের আইনজীবীরা ২ হাজার ৯৩৯ জন সাফাই সাক্ষীর তালিকা জমা দিলে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষীর সংখ্যা কমিয়ে আনার আবেদন করা হয়। গত রোববার ওই আবেদনের বিষয়ে শুনানি করে মঙ্গলবার আদেশ দিল ট্রাইব্যুনাল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি ও পাকিস্তানি সেনাদের সহায়তারও অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/জেকে/১৪৩৫ ঘ.