২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর পক্ষের দুটি আদালত অবমাননার আবেদন খারিজ

চ্যানেল আইয়ের প্রতিবেদক মাজহারুল হক মান্না এবং শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা চেয়ে করা দুটি আবেদন খারিজ করে দিয়েছে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যানেল আইয়ের প্রতিবেদক মাজহারুল হক মান্না এবং শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা চেয়ে করা দুটি আবেদন খারিজ করে দিয়েছে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ওই প্রতিবেদক ভুলভাবে সংবাদ উপস্থাপন করেছেন এবং সাক্ষী শাহরিয়ার কবির যুদ্ধাপরাধের বিশেষ ঘটনায় দেলাওয়ার হোসাইন সাঈদীর সংশ্লিষ্টতার বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন দাবি করে জামায়াতে ইসলামীর নেতার আইনজীবী ওই আবেদন করেন। সোমবার অনেকগুলো আবেদনের শুনানির সময় ট্রাইব্যুনালের চেয়াম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক বলেন, আদালত অবমাননার উভয় আবেদন খারিজ করা হয়েছে এবং তিনি পরে এবিষয়ে একটি আদেশ দেবেন। এদিন আসামি পক্ষ ও প্রসিকিউশনের আরো দুটি আবেদন গ্রহণ করেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। এক সাক্ষী বিদেশ থাকায় প্রসিকিউশন আবেদনে তার সাক্ষ্য যুক্ত করে আদালতে দলিল হিসেবে উপস্থাপন করেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী, গোলাম আজমের বিরুদ্ধে প্রসিকিউশনের অন্যতম সাক্ষী ৯৫ বছর বয়সী মহসিন আলী খান নিউ ইয়র্কে তার মেয়ের কাছে বাস করছেন এবং তিনি চিকিৎসাধীন। প্রসিকিউশন যুক্তি দেখায় যে, সাক্ষ্য দেয়ার জন্য ওই সাক্ষীকে ঢাকায় আনা হয়তো সম্ভব হবে না। তবে আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে আসামি পক্ষ বলে, এর ফলে কোনো অযৌক্তিক খরচ হবে না বা বিচার কাজেও কোনো বিলম্ব হবে না। এর পর ট্রাইব্যুনাল ওই আবেদন গ্রহণ করেন। সাঈদীর মামলায় সব নথি ও রেকর্ডপত্র আদালতে আলামত হিসেবে গ্রহণ করার আবেদন করে আসামি পক্ষ। সাঈদীর জ্যেষ্ঠ কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, একজন সাক্ষীর সাক্ষীর মাধ্যমে ওগুলো উপস্থাপনের নির্দেশনা দিয়ে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। আদালত আরো কয়েকটি আবেদনের শুনানি করলেও এসব বিষয়ে মঙ্গলবার বা বৃহস্পতিবার আদেশে দেবে। দ্বিতীয় অধিবেশনের পুরোটা জুড়ে গোলাম আযমের যুদ্ধাপরাধ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তা মতিউর রহমান ৫২০টি জিনিস আদালতে আলামত হিসেবে জমা দেন এবং তিনি আগামী শুনানির দিনও সাক্ষ্য দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/১৯১০ ঘ.