গাইবান্ধা, ০৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা শহরে সোমবার বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে। বিএনপি ও জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিএনপি-জামায়াত গাইবান্ধা শহরে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম রঞ্জু, বিএনপি নেতা মোশাররফ হোসেন বাবু, জাসাস নেত্রী মাধবী সরকার, জেলা ছাত্র শিবির সভাপতি ফয়সাল কবীর রানা।
জেলা বিএনপি সভাপতি আনিসুজ্জামান খান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বিএনপি ও জামাতসহ ১৮ দল পৌর শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের স্টেশন রোডের বাটা বাজারের কাছে এলে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় তিনি (আনিসুজ্জামান) ও জেলা জামায়াতের আমির আব্দুর রহিমসহ ১৫ নেতাকর্মী আহত হন।
তিনি বলেন, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরে কাল (মঙ্গলবার) অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বলেন, মিছিলটি শহরের স্টেশন রোডের বাটা বাজারের কাছে এলে কোন উস্কানি ছাড়াই তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
পরে নেতাকর্মীরা খন্ড খন্ডভাবে আবারো এক জায়গায় জমায়েত হওয়ার চেষ্টা করে পুলিশের উপর আক্রমণের চেষ্টা করলে সারা শহর জুড়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে।
পরে পুলিশ ১৯ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানার ওসি গোপাল চক্রবর্তীসহ তিন পুলিশ আহত হয়েছেন। ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১০ ঘ.
bdnews24