২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি থেকে বহিষ্কার জাহানারা বেগমকে

নাজমুল হুদার নেতৃত্বে নতুন দলে যোগ দেয়ায় নির্বাহী সভাপতি জাহানারা বেগমকে বহিষ্কার করেছে অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাজমুল হুদার নেতৃত্বে নতুন দলে যোগ দেয়ায় নির্বাহী সভাপতি জাহানারা বেগমকে বহিষ্কার করেছে অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি। সংগঠন বিরোধী কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, “রোববার দলের জরুরি সভায় অধ্যাপিকা জাহানারা বেগমকে দল থেকে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।” এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাজমুল হুদার নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের এক অনুষ্ঠানে জাহানারা বেগম দলের কো-কনভেনর হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। ছয় বছর আগে বিএনপি থেকে বেরিয়ে অলি আহমদের নেতৃত্বে এলডিপি গঠন হলে দলটির মহাসচিব করা হয় খালেদা জিয়া সরকারের প্রতিমন্ত্রী জাহানারাকে। এলডিপি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দেয়ার পর সম্প্রতি জাহানারাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নির্বাহী সভাপতি করা হয়। মহাসচিব হন রেদোয়ান আহমেদ। অলি আহমদ, নাজমুল হুদা, জাহানারা বেগম ও রেদোয়ান আহমদ এরা সবাই বিএনপিতে ছিলেন। চারজনই খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন। ২০০৬ সালের অক্টোবরে অলি আহমদের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি গঠনে ছিলেন জাহানারা। দলটি নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন জোটে রয়েছে। নাজমুল হুদাকে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এর আগেও কয়েকবার বহিষ্কৃত হলেও পরে বিএনপিতে ফেরেন দলটির প্রতিষ্ঠাকালীন এই সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০৬ ঘ.