ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা বাতিলে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মো. খুরশিদ আলম খান এবং মওদুদের পক্ষে তিনি নিজে ও ব্যারিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট আহসানুল করিম শুনানি করেন।
খুরশিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলা বাতিলে মওদুদ আহমদের আবেদনে দেওয়া আগের রুল খারিজ করে দিয়েছে। একই সঙ্গে মূল মামলার কার্যক্রমে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছে।
“এ আদেশের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চালাতে বাধা থাকল না।”
জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালো ১৬ সেপ্টেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে দুদক গুলশান থানায় এ মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫৩৫ ঘ.
bdnews24