ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৩ আসনে আগামী ১৮ নভেম্বর উপ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
রোববার কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “১৮ নভেম্বর ঘাটাইলে ভোটগ্রহণের লক্ষ্যে আগামীকাল (সোমবার) বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।”
গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিউর রহমান মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর শাহনেওয়াজ সাংবাদিকদের জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে টাঙ্গাইলে ভোট আয়োজনের লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
এ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপিকে আনার বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে ওইদিন শাহনেওয়াজ বলেন, “কমিশন চায় সকল দলই নির্বাচনে অংশ গ্রহণ করুক। নির্বাচনে আসা বা না আসা দলের সিদ্ধান্তের ব্যাপার। এখানে কমিশনের উদ্যোগ নেওয়ার কিছু নেই।”
গত ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনে উপ নির্বাচন হয়, যা ছিল বর্তমান নির্বাচন কমিশনের অধীনে প্রথম ভোট। প্রধান বিরোধী দল বিএনপি ওই নির্বাচন বর্জন করে।
নবম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মতিউর রহমান ভোট পান ১ লাখ ৪০ হাজার ৬৪২ ভোট, ধানের শীষ প্রতীকে বিএনপি লুৎফুর রহমান আজাদ পান ৮৩ হাজার ৭৬ ভোট। এছাড়া খলিলুর রহমান গোলাপ ফুল প্রতীকে ১৬২৭ ভোট, গামছা প্রতীকে কাদের সিদ্দিকী ১০৮১, হাত পাখা নিয়ে আ. রশীদ ৯১৭ ভোট, কুলা নিয়ে কাজী আজিজুল হক (বিপুল) ২৩৮ ভোট পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪৫০ ঘ.
bdnews24