২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পলাতক’ আযাদের বিচার শুরুর আদেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার এই আদেশ দেয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আযাদকে গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিয়ে বলা হয়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, দু’এক দিনের মধ্যে দেশের বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আযাদকে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হতে বলতে হবে। আযাদ তারপরও হাজির না হওয়ায় ‘আইন অনুযায়ী’ তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার আদেশ দেন বিচারক। ট্রাইব্যুনাল একইসঙ্গে আবদুস শুকুর খানকে আসামিপক্ষের আইনজীবী নিয়োগ দিয়ে ১১ অক্টোবরের মধ্যে তার কাছে মামলার নথিপত্র হস্তান্তর করতে প্রসিকিউশনকে নির্দেশ দেয়। গত ৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় এবং তাকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলা হয়। এর আগে গত এপ্রিলে আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। ট্রাইব্যানালে প্রসিকিউশন গত ২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে মানবতাবিরোধী অপরাধের ১০টি ঘটনায় তার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩৫৫ ঘ.