চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাত নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ওই বহিষ্কারের ঘোষণা দিয়েছে বলে চবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, সংগঠন থেকে স্থায়ীভাবে চারজন ও সাময়িকভাবে আরো তিনজনকে বহিষ্কার করা হয়। সংগঠনের শৃংখলা বহির্ভূত কাজ করায় এক সুপারিশের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়।
স্থায়ীভাবে বহিষ্কার করা হয়- চবি শাখা ছাত্রলীগের সহ সম্পাদক কামরুল রায়হান ও অপর তিন সদস্য চবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন, অর্থনীতি বিভাগের তাইফুল হক তপু এবং ইতিহাস বিভাগের মো. রাকিব।
অন্যদিকে, চবি ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনসুর আলম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জমির উদ্দিন ও অর্থ বিষয়ক সম্পাদক আবু কায়সার রনিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় বলে মামুনুল হক জানান।
এছাড়া সংঘর্ষে জড়িত থাকায় চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুর মো. নাজমুল ও উপ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক আবু তৈয়বকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চার ছাত্রলীগ কর্মী আহত হয়।
ওই ঘটনায় পর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর চবি ছাত্রলীগ থেকে জড়িতদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এইচএ/২৩২৭ ঘ.
bdnews24