ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামের বৌদ্ধ বসতিতে হামলার পেছনে ক্ষমতাসীনরাই মদদ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি দাবি করেছেন, বিএনপি আমলে দেশের মানুষ একসঙ্গে দুর্গাপূজা ও ঈদ পালন করে আর আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মন্দির ভাঙচুর হয়।
শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র বলেন, “বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, কখনো এই সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে দেইনি। বরং বিএনপি আমলে একসঙ্গে দুর্গাপূজা ও ঈদ উৎসব হয়েছে।”
“আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মন্দির ভাঙচুর হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। বৌদ্ধ বিহারে হামলার ঘটনা সেই কথাই স্মরণ করিয়ে দেয়।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে।
মির্জা ফখরুল বলেন, “গণমাধ্যমের সংবাদে বেরিয়ে এসেছে, ওই জঘন্য ঘটনার পেছনে সরকারি দল মদদ যুগিয়েছে। এ থেকে পরিষ্কার বোঝা যায়, এটি সুপরিকল্পিত চক্রান্ত ছিল। বাংলাদেশকে হেয় করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।”
বিএনপির পক্ষ থেকে বৌদ্ধবিহারের হামলার ঘটনা তদন্তে ‘উচ্চ পর্যায়ের কমিটি’ করার কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে এই কমিটি কক্সবাজারের অবস্থান করছেন। তারা সেখানে সরেজমিনে তদন্ত শুরু করেছেন। আমরা আশা করছি, তদন্ত শেষ করে কমিটি দ্রুত জাতির কাছে তা তুলে ধরবে।”
নোয়াখালীর সেনবাগ উপজেলার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও জাসদ নেত্রী শাহিনা আখতার কাননের নেতৃত্বে একদল নেতা-কর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদের মধ্যে সেনবাগের সাংসদ ও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নয়া পল্টনোর দলীয় কার্যালয় তিন দিন পুলিশের অবরুদ্ধ করে রাখার প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, “সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। তিনদিন আমাদের অফিস পুলিশ ঘেরাও করে রেখেছিল। কোনো গণতান্ত্রিক দেশে এভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয় পুলিশ দিয়ে ঘেরাও করে রাখার নজির নেই।”
হলমার্কের অর্থ কেলেঙ্কারি
হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ ওই মামলায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের সদস্যদের কেউ নেই।”
এভাবে সরকার লুণ্ঠনকারীদের ‘আড়াল করার অপচেষ্টা’ করছে মন্তব্য করে তিনি বলেন, “পুঁজিবাজারের ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধেও তারা (সরকার) কোনো ব্যবস্থা নেয়নি।’’
শিক্ষকদের ওপর ‘হামলার’ নিন্দা
এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষকদের সমাবেশে ‘পুলিশি হামলার’ নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গ্রাম-গ্রামান্তর থেকে আসা শিক্ষকদের ওপর এভাবে লাঠিপেটা ও টিয়ারগ্যাস নিক্ষেপের মাধ্যমে সরকারের ‘ফ্যাসিস্ট চরিত্র’ আবারো উন্মোচিত হয়েছে। তারা কখনোই অন্যের মতকে সহ্য করতে পারে না।
এ অবস্থা থেকে উত্তরণে নির্দলীয় সরকারের দাবিতে জনগণকে চলমান আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ সরকারকে হটাতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএএইচ/১৪৫২ ঘ.
bdnews24