২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি পিটুনি: ক্ষতিপূরণের মামলা ফারুকের

গত জুলাই মাসে হরতালের সময় মারপিটের ঘটনায় স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সাতজনকে বিবাদী করে ১০ কোটি টাকার ক্ষতিপূণ মামলা করেছেন বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত জুলাই মাসে হরতালের সময় মারপিটের ঘটনায় স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সাতজনকে বিবাদী করে ১০ কোটি টাকার ক্ষতিপূণ মামলা করেছেন বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা হয়। বিচারক শাহরিয়ার কবির আগামী ৩০ অক্টোবর মামলার গ্রহণযোগ্যতা শুনানির দিন রেখেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী সানাউল্লাহ মিয়া। গত বছরের ৬ জুলাই বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ওই ঘটনায় মানহানির অভিযোগে এই মামলা করা হয়েছে বলে ফারুকের আইনজীবী জানান। মামলায় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর কমিশনার, উপ কমিশনার হারুন অর রশিদ, সহকারী কমিশনার বিপ্লব সরকার ও উপ কমিশনার ওবায়দুল হককে বিবাদী করা হয়েছে। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিনের দায়ের মামলায় গত ১২ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওবায়দুল হক। আদালত তা গ্রহণ করলে মামলাটি বাতিল হয়ে যায়। বাদী মামলা খারিজের আদেশ পুনর্বিবেচনার আবেদন করলে আদালত তাও খারিজ করে দেয়। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ওই দিন জয়নুল আবদিন ফারুকসহ বিরোধী দলের সাংসদদের আক্রমণের শিকার হয়ে এডিসি হারুন অর রশিদ, সিনিয়র এসি বিপ্লব কুমার সরকার কয়েকজন পুলিশ আহত হন। “তবে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের আইনি পদক্ষেপ গ্রহণে পরিকল্পনার অভাব ও বিক্ষিপ্তভাবে পুলিশ ‘অ্যাকশনের’ কারণে এ ধরনের দুঃখজনক ঘটনার অবতারণা হয়।” ফারুকের ‘আক্রমণাত্মক’ আচরণ এবং সাংসদ সৈয়দা আফিয়া আশরাফি পাপিয়া ও শাম্মী আক্তারের ‘উসকানিমূলক’ আচরণের কারণে ওই ঘটনার সূত্রপাত হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৪০১ ঘ.