ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার প্রধান বিরোধী দলের কার্যালয়ের সামনে তিন দিন ধরে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করে রেখে এক ‘অস্বস্তিকর পরিবেশ’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এভাবে নজরদারি কোনো স্বাভাবিক পরিবেশের দৃষ্টান্ত হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশে নয়, পুলিশি রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে।”
বিএনপি কার্যালয়ের সামনে থেকে অবিলম্বে পুলিশ সরিয়ে নেয়ার দাবি জানান তিনি।
নেত্রকোনায় সংঘর্ষ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার প্রতিবাদে মঙ্গলবার পল্টনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়।
সংঘর্ষের পর গ্রেপ্তার এড়াতে শতাধিক নেতা-কর্মী বিএনপি কার্যালয়ে ঢুকে পড়ে। এর পর থেকে ওই কার্যালয় ঘিরে রাখে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে তিনটি মামলা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে কার্যালয় থেকে বের হওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার হন যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবারের মতো বুধবারও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কার্যালয়ের ভেতরে রাত কাটান রুহুল কবির রিজভী।
সকালে তিনি সাংবাদিকদের বলেন, “কারো বিরুদ্ধে মামলা থাকলে তা আদালতে সুরাহা হবে। তাই বলে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের নির্বিঘ্নে আসা-যাওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি গ্রহণযোগ্য হতে পারে না।”
এদিকেস বেলা পৌনে ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনিসহ কয়েকজন নেতা দলীয় কার্যালয়ের আসেন।
কার্যালয়ের নিচে অবস্থানকারী পুলিশ কর্মকর্তারা ‘অবরুদ্ধ’ করে রাখার অভিযোগ অস্বীকার করে বলেন, ভেতরে এজহারভুক্ত আসামিরা থাকায় তাদের গ্রেপ্তারের জন্য বাইরে পুলিশ অপেক্ষা করছে।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “বর্তমান পরিস্থিতিটা এমন যে কার্যালয়ে নেতা-কর্মীরা আতঙ্কের মধ্যে আছেন। বুধবার দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পরপরই মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে।”
সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলা ‘মিথ্যা ও বানোয়াট’ বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ঘটনার দিন সংগঠনের কাজে বান্দরবানে ছিলেন। অথচ তাকেও পুলিশ আসামি করেছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সস্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকেও রিজভীর সঙ্গে দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৩৫ ঘ.
bdnews24