২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া পল্টনে বিএনপি নেতারা ‘অবরুদ্ধ’

নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 06:34 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন। বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করেন, কার্যালয়ের বাইরে পুলিশ ও র‌্যাব সদস্যরা অবস্থান নেওয়ায় এবং মূল ফটক তালাবদ্ধ থাকায় সন্ধ্যা ৬টা থেকে কোনো নেতাকর্মী বের হতে পারছে না। ভেতরে আটকে থাকা নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলি সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবু ও ছাত্র দলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া। রুহুল কবীর রিজভী জানান, বিকালে পুলিশের সাথে সংঘর্ষের পর থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছে। তাদের বাইরে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে একাধিক মাইক্রোবাস নিয়ে সাদা পোশাকে পুলিশ অবস্থান করছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিকেলে ছাত্রদল, যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নেত্রকোণায় ১৮ দলের সভামঞ্চে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়িতে আগুন দেয়া হয়। পল্টন থানার উপ পরিদর্শক খাদেমুল ইসলাম জানান, গাড়ি পোড়ানো ছাড়াও ভাংচুর, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে। তবে পল্টন থানা পুলিশ কতজনকে গ্রেপ্তার করেছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি। তিনি বলেন, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ রয়েছে। তবে ভেতরে কেউ আছে কিনা তা তার জানা নেই। রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রুটিন ডিউটি পালন করছি। নিরাপত্তার জন্য বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ রয়েছে। কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসইউ/০০২৮ ঘ.