২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির তদন্ত কমিটি রামু যাচ্ছে শুক্রবার

কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতিতে হামলার ঘটনা তদন্তে বৃহস্পতিবার কক্সবাজার রওনা হচ্ছে বিএনপির তদন্ত কমিটির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতিতে হামলার ঘটনা তদন্তে বৃহস্পতিবার কক্সবাজার রওনা হচ্ছে বিএনপির তদন্ত কমিটির সদস্যরা। মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তদন্ত কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত ১ অক্টোবর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে আহবায়ক করে ৮ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে কমিটির আহবায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পুরো কমিটি ঘটনাস্থল সরেজমিন পরির্দশন করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ঘটনার সঙ্গে জড়িতদের সাক্ষ্যগ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গেও আমরা কথা বলব।” তিনি জানান, বৃহস্পতিবার কমিটির সদস্যরা কক্সবাজারের উদ্দেশে রওনা হবে। তারা চট্টগ্রাম হয়ে কক্সাবাজার যাবে। প্রথমদিন শুক্রবার রামু ও উখিয়া এবং শনিবার টেকনাফ ও পটিয়ার ঘটনাস্থল পরিদর্শন করবেন তারা। সাবেক এই আইনমন্ত্রী আরো বলেন,“ওই সহিংসতার ঘটনার পুরো তথ্য প্রমাণাদি সংগ্রহে আমরা সরেজমিন পরিদর্শনে যাচ্ছি। নিরপেক্ষভাবে আমরা এই ঘটনা তদন্ত করতে চাই। এজন্য এলাকায় স্থানীয় লোকজন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে আমরা কথা বলব।’’ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন শেষে তদন্ত কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে। মওদুদ আহমদের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ্সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়–য়া উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৮ ঘ.