ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদল, যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
নেত্রকোণায় ১৮ দলের সভামঞ্চে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়িতে আগুন দেয়া হয়।
১৮ দলীয় জোটের সভাকে সামনে রেখে নেত্রকোণা শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়। আগুন দেওয়া হয় ১৮ দলের সভামঞ্চে। এর প্রতিবাদে নয়া পল্টনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিবর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্র দলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যের আগে সভাপতি বক্তব্য শেষ করার পরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সমাবেশ প- হয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নয়া পল্টনের কার্যালয়ের সামনে সমাবেশে চলার সময় ফকিরেরপুল ও কাকরাইলের দিক থেকে ছোট ছোট মিছিল আসছিল। একটি মিছিল আনন্দভবনের কাছে আসার সময় একটি প্রাইভেটকারে ভাংচুর হলে পুলিশ লাঠিপেটা শুরু করে।
পল্টনের সংঘর্ষ মালিবাগ পর্যন্ত ছড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয় এবং সব যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৮টায় পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
ওসি জানান, বিএনপি কার্যালয়ের ভিতর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশ তাতে বাঁধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়। এ সময় রাস্তার পাশে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় তারা।
বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বিজয়নগর মোড়ে আরেকটি গাড়িতে আগুন দেয়।
ছাত্রদলকর্মী তারেক মাসুদ সাংবাদিকদের বলেন, “কে বা কারা একটি প্রাইভেটকারে ইটপাটকেল ছুড়লে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর পুলিশ আমাদের ওপর লাঠিপেটা শুরু করে।”
যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। প্রধান অতিথির বক্তব্যের আগে আমি বক্তব্য দিচ্ছিলাম। বক্তৃতার শেষ মুহূর্তে পুলিশ আমাদের সমাবেশ প- করে দেয়। এই হামলা পরিকল্পিত।”
ঘটনার পর দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, “পুলিশ বিনা উস্কানিতে নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। টিয়ার গ্যাস মেরেছে। আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।’’
গাড়ির ভাংচুরের ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, “ওই ঘটনার সঙ্গে দলের কর্মীরা জড়িত নয়। শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।”
দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি।
এদিকে মালিবাগ এলাকায় থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করা চেষ্টা করে বলে রমনা থানার ওসি শাহ আলম জানান।
তিনি বলেন, পুলিশ বাঁধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে দু’টি ককটেল ছোড়া হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএইচ/এসএম/এসইউ/২১২১ ঘ.
bdnews24