২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুই কার খালুরে’

নির্বাচনকালীন সরকারের প্রধান হতে ব্যারিস্টার রফিক-উল হকের ‘আকাঙ্ক্ষা’ নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনির্বাচিত ব্যক্তিকে দিয়ে কোনো সরকার হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকালে) নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে শেখ হাসিনা গল্পের ছলে রফিকের দিকে ইংগিত করে বলেন, গ্রামের হাটে এক লোক সকলের দৃষ্টি আকর্ষণ করে হঠাৎ বললেন, ‘মুই কার খালুরে?’”

গত শনিবার এক অনুষ্ঠানে প্রধান দুই রাজনৈতিক দলের প্রধানকে এক টেবিলে আনার উদ্যোগ নেয়ার কথা জানান আইনজীবী রফিক-উল হক। প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নিতেও রাজি বলে জানান তিনি।

সেদিন রাতেই বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রবীণ এই আইনজীবী। পরদিন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে ব্যারিস্টার রফিকের তাদের আপত্তি নেই।

রাজি হয়ে বসে আছেন ব্যারিস্টার রফিক

রফিক-উল হকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে অন্তত তিনটি সমাবেশে বেগম জিয়াকে তিনি (রফিক-উল হক) ‘আমার চেয়ারপার্সন’, ‘আমাদের চেয়ারপার্সন’ সম্বোধন করেছেন।”

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার আমলের অত্যাচার-নির্যাতনসহ গণবিরোধী কর্মকাণ্ডের কথা ভুলে গেছেন? আমি সে সময় আমেরিকায় এসেছিলাম। দেশে ফিরতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সে সময় আমি দেশে না ফিরলে দেশবাসী নির্বাচন পেত না।”

“সে সময়ের কেয়ারটেকার সরকারের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী ও রাজনীতিকরা। সেই তত্ত্বাবধায়ক সরকারে কারা ছিল? সুশীল সমাজের লোকজনই ছিলেন।”

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি চেয়ারাপার্সনের ‘বিরোধিতার’ দৃষ্টান্তও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

“বর্তমানের বিরোধী দলীয় নেতা ২০০৭ সালে বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারকে জনগণ ঝেঁটিয়ে বিদায় করবে। সে কথা কি দেশবাসী ভুলে গেছেন?”

কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখনে, নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের তখনকার উপদেষ্টা সরে দাঁড়িয়েছিলেন কেন?

“ইয়েসউদ্দিনের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন। এখন কোন মুখে নসিহত করেন”, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানকে ইঙ্গিত করে বলেন প্রধানমন্ত্রী।

বিএনপি নির্বাচনে না গেলে ওই নির্বাচন কতোটা গ্রহণযোগ্য হবে- এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “আসন্ন নির্বাচনে জনগণ, রাজনৈতিক দল অংশ নেবে এবং শেষ পর্যন্ত বিএনপিও আসবে।”

গত বছরের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়।

বিএনপিসহ বিরোধী দলগুলো তখন থেকেই এর বিরোধিতা করে আসছে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।