কক্সবাজার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর বৌদ্ধ বসতিতে হামলার পেছনে ইন্ধন দেয়ার অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংসদ লুৎফর রহমান কাজল বলেছেন, তদন্তের আগেই কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়।
সোমবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি অসাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক কার্যক্রমে বিশ্বাস করে না। আন্তর্জাতিকভাবে বিরোধী দলকে হেয় প্রতিপন্ন করতেই রামুতে এ ধরনের ঘটনা ঘটিয়ে এসব বক্তব্য দেয়া হচ্ছে।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়ার হিন্দু ও বৌদ্ধ মন্দিরেও হামলার ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর রোববার ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকায় ফেরার পর সাংবাদিকদের বলেন, “সেই এলাকায় বিএনপির একজন সাংসদ আছেন; অভিযোগ আছে, যারা এই অপতৎপরতা চালানোর জন্য সেখানে সঙ্ঘবদ্ধ হয়ে উপস্থিত হয়েছিলেন তাদের দিয়ে তিনি ওই এলাকায় তা-বলীলা এমনকি খুন করার জন্য আহবান জানিয়েছিলেন।”
হামলার ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের কাছে যাননি, খোঁজখবরও নেননি; এমনকি সরকারের যে প্রতিনিধিদল সেখানে গিয়েছিলেন তাদের সাথে দেখাও করেননি বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রীর এ বক্তব্যের জবাবে সাংসদ লুৎফর বলেন, মন্ত্রী না জেনেই এবং রাজনৈতিক ফায়দা লুটতে এসব কথা বলেছেন।
“তদন্তের আগেই তিনি কীভাবে অন্যকে দোষী সাব্যস্ত করেন? আগে তদন্ত হোক, তারপর দেখা যাবে কে দোষী?”
তিনি বলেন, রামুর ঘটনা রাজনৈতিক রূপ নিলে প্রকৃত দোষীরা পার পেয়ে যাবে এবং ঘটনার শিকার ব্যক্তিরা ন্যায় বিচার পাবে না।
“আমি এ ঘটনার নিন্দা ও প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি জানাচ্ছি”, বলেন লুৎফর।
রামুর বৌদ্ধ মন্দির ও বসতিতে এ ধরনের হামলা কারা চালাতে পারে- এমন প্রশ্নের জবাবে সাংসদ বলেন, “হামলার ধরন দেখে ডাকাতদের কাজ বলে মনে হচ্ছে।”
ঘটনা ‘এতো বড়’ আকার নেয়ার জন্য ‘প্রশাসনের ব্যর্থতাকে’ দায়ী করে তিনি বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে এ ঘটনা ঘটতো না।
হামলা, ভাংচুরের আগে ‘উগ্রপন্থীরা’ রামু বাজারে একটি সমাবেশ করেছে জানিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগপন্থী রামু উপজেলা চেয়ারম্যানকে নিয়ে তিনি উগ্রপন্থীদের শান্ত করার চেষ্টা করেছেন।
ওই সমাবেশে ‘আওয়ামী লীগের লোকদের’ দেখা গেছে বলেও তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/জেকে/১৫০৩ ঘ.
bdnews24