২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্ধনের’ অভিযোগ নাকচ সাংসদ কাজল

কক্সবাজারের রামুতে বৌদ্ধবসতিতে হামলার পেছনে ‘ইন্ধনের’ অভিযোগ অস্বীকার করে উল্টো সরকার সমর্থকদেরই এ ঘটনার জন্য দায়ী করেছেন কক্সবাজার-রামু আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধবসতিতে হামলার পেছনে ‘ইন্ধনের’ অভিযোগ অস্বীকার করে উল্টো সরকার সমর্থকদেরই এ ঘটনার জন্য দায়ী করেছেন কক্সবাজার-রামু আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পর সংসদ সদস্যের নাম না উল্লেখ করে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “সেই এলাকায় বিএনপির একজন সাংসদ আছেন; অভিযোগ আছে, যারা এই অপতৎপরতা চালানোর জন্য সেখানে সঙ্ঘবদ্ধ হয়ে উপস্থিত হয়েছিলেন তাদেরকে দিয়ে তিনি ওই এলাকায় তাণ্ডবলীলা এমনকি খুন করার জন্য আহবান জানিয়েছিলেন।” রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে সাংসদ লুৎফুর রহমান কাজল স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে অবিবেচনাপ্রসূত, বালখিল্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করার সামিল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এর আগে হাটহাজারীতেও সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহেশখালীতে হিন্দু মন্দির ভাংচুর হয়েছে। কিন্তু কখনও বিএনপি সরকারের আমলে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট হয়- এমন ধিক্কারজনক ঘটনা ঘটেনি। রামুর ঘটনাটিও সরকারি দলের কিছু সংখ্যক নেতাকর্মী সংঘটিত করেছে বলে আমার ধারণা।” শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়ি, মন্দির ও দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ সময় উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। এরপর রোববার জেলার উখিয়া ও টেকনাফে এবং চট্টগ্রামের পটিয়ায়ও বৌদ্ধবসতি ও হিন্দুবসতিতে একই ধরনের হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার রাতের ঘটনার বর্ননা দিয়ে সাংসদ কাজল জানান, ফেসবুকে কোরআন অবমাননার প্রতিবাদে রামুতে মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে রাতে রামু সদরে পৌঁছে দেখেন বিক্ষুব্ধ জনতার সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বক্তব্য দিচ্ছেন। পরে তিনিও সেখানে বক্তব্য দেন এবং লোকজনকে শান্ত থাকতে বলেন। বিএনপি নেতা আরো বলেন, রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার জন্য পুলিশ বাহিনীর গাফিলতিকে দায়ী করেন। কিন্তু ঢাকায় ফিরে তিনি ঘটনার জন্য উল্টো আমাকে দায়ী করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃত সত্য আড়াল করতেই তাকে দায়ী করেছেন বলে মনে করেন এই বিএনপি দলীয় সাংসদ। তিনি সা¤প্রদায়িক স¤প্রীতি ধরে রাখতে ব্যর্থতার জন্য অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/০০১০ ঘ.