হবিগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে গত রোববার জারি করা ১৪৪ ধারা মঙ্গলবার পর্যন্ত বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। এর নিন্দা জানিয়েছে বিএনপি।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে রোববার ঢাকাসহ জেলায় জেলায় বিএনপির গণমিছিলের কর্মসূচি ছিল। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞায় সেদিন ঢাকাসহ অনেক স্থানে মিছিল করতে পারেনি বিরোধী দল।
এরপর সোমবার ঢাকায় মিছিল হলেও হবিগঞ্জে সেদিনও নিষেধাজ্ঞা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় দাবি করে মঙ্গলবারও তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার বণিক দুপুরে সাংবাদিকদের বলেন, “১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি অনুকূলে এলেই তা প্রত্যাহার করা হবে।”
এদিকে টানা ১৪৪ ধারা জারি থাকায় মিছিল করতে না পেরে ক্ষুব্ধ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ সাংবাদিকদের বলেন, বিরোধীদল যাতে কোনো কর্মসূচি করতে না পারে, সেজন্য সরকার ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ নিয়েছে।
১৪৪ ধারা প্রত্যাহার করে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24