রাজশাহী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে এক দজামায়াতকর্মীদ নিহত হয়েছেন।
নিহত শফিকুল ইসলাম শফিক ইসলামী ব্যাংক হাসপাতালের অভ্যর্থনা শাখায় কাজ করতেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার ভাই রফিকুল ইসলাম।
সোমবার বিকালে এ সংঘর্ষের সময় ৪৭ জনকে আটক করে পুলিশ। সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়।
মৃত্যু ও আটকের প্রতিবাদে নগরীতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। নগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন রাজশাহীর সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু।
বিএনপি দেশব্যাপী জেলা সদরের গণমিছিল কর্মসূচি পালনের সময় রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চার জন নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীর লোকনাথ বিদ্যালয়ে জড়ো হয় জামায়াত নেতা-কর্মীরা। এ সময় তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ওবায়দুল্লাহ।
সংঘর্ষে শফিকসহ দুজন দজামায়াতকর্মীদ আহত হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান শফিক। তিনি নগরীর রাজপাড়া থানার অচিনতলায় থাকতেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শফিককে রক্তাক্ত ও মৃত অবস্থায় আনা হয়।”
তার ক্ষতের ধরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “চিকিৎসকরা শফিকের শার্ট খুলে দেখেননি। মঙ্গলবার তার ময়নাতদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।”
সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করলেও তিনি পুলিশের গুলিতে মারা যাননি বলে দাবি করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার।
তিনি বলেন, “সংঘর্ষে একজন নিহত হয়েছে। তবে পুলিশ গুলি চালায়নি।”
“নাশকতা চালানোর উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে তারা পুলিশের ওপর হামলা চালায়।”
মিজানুর বলেন, “বিএনপিসহ চারদলীয় জোটের মিছিলের প্রস্তুতির সময় লোকনাথ স্কুলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ওপর পুলিশ অতর্কিতে হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে জামায়াতের একজন নিহত হন।”
বিএনপি রোববার জেলা সদরগুলোতে গণমিছিল কর্মসূচি পালন করলেও নিষেধাজ্ঞার কারণে রাজধানীতে ওই কর্মসূচি পালন করে সোমবার।
দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার জানিয়েছিলেন, সোমবার ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, জয়পুরহাট ও হবিগঞ্জে গণমিছিল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২১৩৮ ঘ.
bdnews24