ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সোমবারের গণমিছিলের রুট মগবাজার পর্যন্ত সংক্ষিপ্ত করেছে বিএনপি, যা অনুমতির জন্য পুলিশের দেওয়া শর্তের সঙ্গে সাজুয্যপূর্ণ।
একইসঙ্গে রোববার দেশের বিভিন্ন স্থানে গণমিছিলে পুলিশের বাধা ও গুলির ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছে দলটি।
তবে এ প্রেক্ষিতে বিএনপি কোনো কর্মসূচি দেবে কি না তা জানা যাবে সোমবারের পর।
রোববার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন রুট অনুযায়ী গণমিছিলটি নয়া পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
আগের ঘোষণা অনুযায়ী গণমিছিলটি একই রুটে মগবাজার পেরিয়ে বাংলা মোটরের জোহরা মার্কেটের কাছে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।
গণমিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশ যে কটি শর্ত বিএনপিকে দিয়েছে তার মধ্যে মিছিল মগবাজার পর্যন্ত সীমিত রাখাও একটি।
খালেদার গুলশান কার্যালয়ে রোববার রাত ৮টা ৪০ মিনিটে শুরু হওয়া আধঘণ্টার বৈঠকে আরএ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বিশেষ আমন্ত্রণে মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক বৈঠকে অংশ নেন।
বিএনপি গত ৯ জানুয়ারি ঘোষণা দিয়েছিল সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তারা ২৯ জানুয়ারি (রোববার) রাজধানীসহ জেলা সদরগুলোতে গণমিছিল করবে। তবে গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জনসভা করার ঘোষণা দেয়।
এ প্রেক্ষিতে রোববার রাজধানীতে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। আরো চার বিভাগীয় শহরেও একই ধরনের নিষেধাজ্ঞা আসে পুলিশের তরফ থেকে।
এ অবস্থায় রাজধানীর রোববারের নির্ধারিত গণমিছিল সোমবার করবে বলে শনিবার ঘোষণা দেয় বিএনপি। আওয়ামী লীগ সোমবার জানায়, তারা রোববারের জনসভা সোমবার করবে।
‘খালেদার নিরাপত্তায় রুট সংক্ষেপ’
ঢাকার গণমিছিল সোমবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হবে বলে জানান মির্জা ফখরুল।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মিছিলের নেতৃত্ব দেবেন জানিয়ে তিনি বলেন, “তার নিরাপত্তা ও পারিপার্শ্বিকতা বিবেচনা করে গণমিছিলের রুট কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।”
“আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালনে সরকার কোনো প্রকার বাধা দেবে না,” যোগ করেন তিনি।
গণমিছিলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তার দায় সরকারের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সোমবার ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, জয়পুরহাট ও হবিগঞ্জে গণমিছিল হবে বলে জানান তিনি।
ফখরুল বলেন, “খুলনা জেলায় পুলিশি নিষেধাজ্ঞা আরোপের কারণে পরে ওই কর্মসূচি হবে।”
‘স্বৈরাচারী চেহারা উন্মোচিত’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্থায়ী কমিটির বৈঠকে রোববার পুলিশের গুলিতে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিলে পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে চাঁদপুরে দুজন এবং লক্ষ্মীপুরে দুজন নিহত হয়।
মির্জা ফখরুল বলেন, “এভাবে নিরীহ মানুষের ওপর পুলিশের গুলিবর্ষণের মাধ্যমে সরকারের স্বৈরাচারী চেহারা জনগণের কাছে উন্মোচিত হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণমিছিলে পুলিশের ‘হামলার’ বিরুদ্ধে দলীয় কর্মসূচি সোমবারের পর গণমাধ্যমকে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩২৪ ঘ.
bdnews24