২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি-প্রধান খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি-প্রধান খালেদা জিয়া। বিভিন্ন জেলায় বিএনপির গণমিছিলে নেতা-কর্মীদের ওপর পুলিশের ‘হামলা-পরবর্তী’ পরিস্থিতি ও ঢাকায় সোমবারের গণমিছিলের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান। রোববার দেশব্যাপী গণমিছিল কর্মসূচিতে চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চার জন নিহত হন। রোববার রাত ৮টা ৪০ মিনিটে খালেদার গুলশান কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে আরএ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে মহানগর বিএনপির আহবায়ক ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ও চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুকও অংশ নিচ্ছেন বৈঠকে। বিএনপির রোববারের গণমিছিলের পাল্টায় আওয়ামী লীগ সমাবেশ করার ঘোষণা দেওয়ায় আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় এদিন রাজধানীতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। এ কারণে বিএনপি গণমিছিল পিছিয়ে সোমবার করার সিদ্ধান্ত নেয় শনিবার। আওয়ামী লীগও তাদের কর্মসূচি পিছিয়ে সোমবার নেওয়ার কথা জানায় রোববার। সোমবারের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫৯ ঘ.